বৃদ্ধা বিমলা দে'র অভিযোগ, “ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি, ভাবিনি এমন দিন দেখতে হবে।”

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 19 August 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: 'কু পুত্র যদি বা হয়, কু মাতা কখনওই নয়'! বহুল ব্যবহারে জীর্ণ এই প্রবাদই ফিরল এক অসহায় মায়ের জীবনে। দু'বেলা খেতে চাওয়ায় মেরে মায়ের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বারুইপুর (Baruipur) থানার ইন্দ্রপালা এলাকার ঘটনা।
বৃদ্ধা বিমলা দে'র অভিযোগ, “ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি, ভাবিনি এমন দিন দেখতে হবে।”
অভিযোগ, বড় ছেলে স্বপন দে ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন তাঁর উপর। সোমবার সেই অত্যাচার চরম রূপ নেয়, ছেলের ঘুষিতে ফেটে যায় মুখ!
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্বপন দে এবং তাঁর স্ত্রী সামান্য বিষয় নিয়েও রেগে আগুন হয়ে ওঠেন। সোমবারও এমনই এক বচসার জেরে বৌমা ও ছেলে মিলে বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘুষি মেরে মায়ের মুখ ফাটিয়ে দেন স্বপন, এমনকি ছোট ছেলে এগিয়ে এলে তাকেও মারধরের অভিযোগ উঠেছে।
বৃদ্ধা বিমলা দেবী বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, স্বপন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আগেও উঠেছে। একাধিকবার পাড়ায় সালিশি সভা বসেছে, কিন্তু কোনও সুরাহা হয়নি।
বৃদ্ধার আক্ষেপ, “জন্ম দিয়েছি, লালন করেছি, অথচ আজ সেই ছেলে দুবেলা খেতেও দেয় না। শারীরিক নির্যাতন তো লেগেই আছে। পাড়ার লোক অনেকবার বুঝিয়েছে, কিন্তু কোনও পরিবর্তন হয়নি।”
এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁরা চাইছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হোক।