খবর পেয়ে ছুটে এলেন মা। প্রকাশ্য রাস্তায় ছেলেকে উত্তমমধ্যম দিলেন। তারপরেই উত্তেজিত জনতা ওই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
.jpeg.webp)
শেষ আপডেট: 2 September 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রেশন বিক্রি করে মাদক কিনেছে ছেলে। খবর পেয়ে ছুটে এলেন মা। প্রকাশ্য রাস্তায় ছেলেকে উত্তমমধ্যম দিলেন। তারপরেই উত্তেজিত জনতা ওই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
অভিযোগ, জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় আজও অব্যাহত ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য। ওই এলাকা থেকে গত ৩ দিন ধরে অন্তত ১৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। মাদক ব্যবসায়ীদের ঠেক পর্যন্ত বুলডোজার চালিয়ে ভেঙে দেয়। তবুও এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা কিছুতেই কমছে না।
অভিযোগ, মঙ্গলবার দুপুর নাগাদ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় রেশন বিক্রি করে মাদক কিনতে আসে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রশিদুল মহম্মদ নামে এক যুবক। তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। রসিদুল জানায়, সে পেশায় রাজমিস্ত্রি। এদিন বাড়ির রেশন তুলতে এসেছিল। কিন্তু রেশন না তুলে চলে আসে মাদক কিনতে। তবে শেষপর্যন্ত সে কেনেনি, কারণ আগে ২০০ টাকা দিলে যে মাদক পাওয়া যেত, এখন ৫০০ টাকা লাগছে। তাই কিনতে পারেনি। তবে রেশন বিক্রি করে ছেলে মাদক কিনছে, এই খবর জানতে পেরে ছুটে আসেন তার মা। প্রকাশ্যেই মারধর করেন ছেলেকে। পরে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা অজয় সাহা বলেন, "গত কয়েক বছর ধরে এই এলাকা ড্রাগ মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আজ রেশন বিক্রি করে এক যুবক ব্রাউন সুগার কিনতে আসে। কিন্তু এই এলাকার মানুষ তাকে ধরে ফেলে। এরা নেশা করার জন্য এখন সরকারি রেশন বিক্রি করছে। এরপর বাড়ির গয়না-আসবাবপত্র বিক্রি করবে।"