তাঁর ডিজাইনে তৈরি হ্যান্ডপেন্টিং করা বাংলার তাঁত বা হ্যান্ডবাটিক করা তসর যাঁরা পরেছেন তাঁরা কিছুদিন 'প্রমিতি'জ কালেকশন'কে মিস করবেন ঠিকই, কিন্তু ছেলে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় জিতলে যে গর্বিত মায়ের আনন্দ কয়েক গুণ হয়ে উছলে উঠবে, তার মূল্য কি কম?

শীর্ষান্ন, ছবি ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 17 March 2026 21:16
'এতদিন ছিল বাড়িতে তিনজন লইয়ার। আর এখন বাড়িতে একজন এমপি একজন উড বি এমএলএ! ওদের সামলাতেই আমার হিমশিম অবস্থা। তাই আপাতত বুটিকটা বন্ধ করে দিয়েছি।' -- এমনটাই বললেন ডিজাইনার ছবি বন্দ্যোপাধ্যায় (Chhobi Bandyopadhyay)।
এতে অবশ্য তাঁর 'প্রমিতি'জ কালেকশন'-এর শাড়ি যাঁরা পরতে ভালবাসেন তাঁদের মন একটু খারাপ হয়েছে, তবে ছবির কিছু করার নেই। সর্বোপরি, এ ছাড়ায় আক্ষেপের চেয়ে বেশি আছে গর্বই। সেই গর্বের স্বরেই বললেন, 'ছেলের জন্য এটুকু স্যাক্রিফাইস তো মাকে করতেই হয়। আর আমার নাতি-নাতনিদেরও তো মানুষ করতে হবে।'

ছবি বন্দ্যোপাধ্যায়। এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Bandyopadhyay) স্ত্রী, উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী (Uttarpara TMC Candidate) শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ের (Sirsanya Bandyopadhyay) মা।
আপাতত হোম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েই এই সিদ্ধান্ত তাঁর। এতে করে, তাঁর ডিজাইনে তৈরি হ্যান্ডপেন্টিং করা বাংলার তাঁত বা হ্যান্ড বাটিক করা তসর পরেছেন তাঁরা কিছুদিন 'প্রমিতি'জ কালেকশন'কে মিস করবেন ঠিকই, কিন্তু ছেলে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় জিতলে যে গর্বিত মায়ের আনন্দ কয়েক গুণ হয়ে উছলে উঠবে, তার মূল্য কি কম?
শীর্ষাণ্য উত্তরপাড়ার বিধায়ক আসনে লড়ছেন খবর পেয়ে, ছবি বন্দ্যোপাধ্যায়কে ফোনে অভিনন্দন জানাতেই উচ্ছ্বসিত মা বললেন, 'কাজ অনেক বেড়ে গেল। ছেলে দিল্লি থেকে চলে আসছে। আমাদের উত্তরপাড়ার বাড়িতে থাকবে। ওখানে ওর খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে হবে। কয়েকদিনের জন্য গিয়ে গুছিয়ে দিয়ে আসব। ভোটের লড়াই তো সোজা ব্যাপার নয়! অনেক শারীরিক ও মানসিক পরিশ্রম। বাড়িতে তো আমার স্বামীকেও দেখছি। তবে আমি খুব খুশি। এতদিন আমার ছেলে পিছনে থেকে পার্টির কাজ করে গেছে। দিদি বিশ্বাস করে ওকে লড়াইয়ের মাঠে নামিয়ে দিয়েছেন। দেখা যাক কী করতে পারে ও!'
এই প্রসঙ্গে মনে পড়ছে ডিজাইনার ছবি বন্দ্যোপাধ্যায়ের 'প্রমিতি'জ কালেকশন'য়ের একটি বিশেষ আইটেম ছিল ব্ল্যাক আন্ড হোয়াইট রেঞ্জ। ব্লকপ্রিন্ট, হ্যান্ডপেন্টিং, বাটিক, প্যাচওয়ার্ক সব কিছুই হতো সাদায়-কালোয় । অসাধারণ আর্টিস্টিক লুক ছিল প্রতিটা শাড়িতে। তাঁত, কোটা, মলমল, সিল্ক-- সব মেটেরিয়ালেই এই সাদা-কালো ডিজাইনের শাড়ি তৈরি করতেন ছবি।
এখন রাজনীতির এই সাদা-কালোর লড়াইয়ে ছেলে শীর্ষাণ্য জিতলেও শাড়িপ্রেমী ক্রেতারা
ছবির তৈরি সেই সাদা-কালো কালেকশন আর ফিরে পাবেন কি? সময়ই সেই উত্তর দেবে। তবে আপাতত মোটে সেই নিয়ে ভাবতে রাজি নন ছবি। ছেলের আসন্ন রাজনীতি-যাত্রারই চালিকাশক্তি হিসেবে ভূমিকা পালন করবেন তিনি।
(ছবি: ছবি বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ)