প্রার্থীর নাম এখনও ফাঁকা। কিন্তু ‘জোড়াফুল’ স্পষ্ট। কোথাও উন্নয়নের পাঁচালি, কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্টুন। ছড়ার সঙ্গে নতুন সংযোজন— এসআইআর ইস্যু।
.jpeg.webp)
ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 6 January 2026 18:12
দ্য ওয়াল ব্যুরো: যতই কর বাহানা, যতই বল না না… বিয়ের ফুল নয়, নির্বাচনের ফুলই এখন ফুটছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়।
জনপ্রিয় বাংলা ছবির গানের লাইন বদলে তা-ই ছড়া কেটে উঠে এসেছে দেওয়ালে দেওয়ালে। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের মহেশপুর প্রাইমারি বুথ এলাকায় তৃণমূল ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দেওয়াল লিখন।
প্রার্থীর নাম এখনও ফাঁকা। কিন্তু ‘জোড়াফুল’ স্পষ্ট। কোথাও উন্নয়নের পাঁচালি, কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্টুন। ছড়ার সঙ্গে নতুন সংযোজন, এসআইআর ইস্যু! দেওয়ালে লেখা, “পদ নয় পতাকা, সব কেন্দ্রেই মমতা…মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিন”
এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর আতঙ্ক তৈরির অভিযোগ তুলে বিজেপি ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল। দেওয়ালেই ফুটে উঠেছে সেই আক্রমণাত্মক সুর। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা মনাজুর মোল্লার দাবি, “নির্বাচনের নির্ঘণ্ট এখনও আসেনি। কিন্তু আমরা প্রচার এগিয়ে রাখছি। প্রার্থী যে–ই হন, লক্ষ্য একটাই, দিদিকে চতুর্থ বার ক্ষমতায় ফেরানো।”
তাঁর অভিযোগ, “এসআইআরকে হাতিয়ার করে বিজেপি ভোটের আগে ভয় দেখাতে চাইছে। সাধারণ ভোটারের কাছে এটা হয়রানির বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রচার অভিযান। উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা ‘গৃহে গৃহে পৌঁছে দিতেই’ দেওয়াল হচ্ছে অস্ত্র।
অন্য দিকে, বিজেপি তা মানতে নারাজ। চন্দ্রকোনার বিজেপি নেতা সুকান্ত দোলইয়ের পাল্টা কটাক্ষ, “ওই দেওয়াল লিখন শুধু মহেশপুরেই। পড়ছেন ওখানকার লোকজনই। এসআইআর নিয়ে তৃণমূল লিখছে, কারণ ওঁরাই ভয় পেয়েছেন। সাধারণ মানুষ ভয় পাননি।”
ভোটের আবহ এখনও গরম হয়নি। কিন্তু চন্দ্রকোনার দেওয়াল জানিয়ে দিচ্ছে, লড়াই শুরু হয়ে গিয়েছে।