তারকা খেলোয়াড় রিচা ঘোষের (Richa Ghosh) নাম কেন ভোটার তালিকায় ‘বিচারাধীন’ (Under Adjudication), তা নিয়ে চর্চা চলছিল। রোববার অবশেষে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সিইও দফতর।

রিচা ঘোষ
শেষ আপডেট: 1 March 2026 20:42
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women's Cricket) তারকা খেলোয়াড় রিচা ঘোষের (Richa Ghosh) নাম কেন ভোটার তালিকায় ‘বিচারাধীন’ (Under Adjudication), তা নিয়ে চর্চা চলছিল। রোববার অবশেষে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। একটি টুইট-বার্তায় জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি এবং প্রশাসনিক স্তরে মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গতকাল চূড়ান্ত ভোটার তালিকা (Final SIR List) প্রকাশ করেছে নির্বাচন কমিশনের (Election Commission) সিইও দফতর। মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম বেরিয়েছে কাল (West Bengal Assembly Election 2026)। কিন্তু তার মধ্যে ৬০ লক্ষেরও বেশি মানুষের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। কারণ তাঁদের নাম 'অ্যাডজুডিকেটেড' (Adjudicated) হিসেবে চিহ্নিত হয়েছে, আলাদা ক্যাটেগরিতে সরিয়ে রাখা হয়েছে। রবিবার জানা যায়, সেই তালিকায় জ্বলজ্বল করছে দেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র রিচা ঘোষের (Richa Ghosh) নামও।
মাস কয়েক আগেই দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করে এসেছেন রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের গৌরব পৌঁছে দিয়েছেন বাংলার তথা দেশের ঘরে ঘরে। তাঁর গায়ে দেশের নীল জার্সি যেন আলাদাই শোভা পায়।
এ হেন রিচাই আপাতত 'দেশের নাগরিক' কিনা, সেই নিয়ে ধন্ধ প্রকাশ করেছে নির্বাচন কমিশন! নথি তো অন্তত তেমনটাই বলছে! রিচার নামের উপর স্পষ্ট করে স্ট্যাম্প মেরে লেখা রয়েছে, 'Under Adjudication'।
‘বিচারাধীন’ হওয়ার নেপথ্যে কী?
সিইও দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার নিরিখে খসড়া তালিকায় রিচা ঘোষের তথ্য ‘আনম্যাপড’ (unmapped) বা অসংলগ্ন অবস্থায় ছিল। এই ত্রুটি সংশোধনের জন্য রিচার পরিবারের পক্ষ থেকে শুনানিতে অংশ নেওয়া হয় এবং প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক (ERO/AERO) সময় মতো সেই মামলার নিষ্পত্তি করেননি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তালিকায় নাম তোলার কোনও আবেদন এরকম জটিলতায় থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বিচারবিভাগীয় পর্যালোচনার (judicial adjudication) অধীনে চলে যায়। রিচার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে।
প্রশাসনের পদক্ষেপ
কেন নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলার নিষ্পত্তি করা হল না, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে কৈফিয়ত তলব করেছে কমিশন। সিইও দফতরের দাবি, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, রিচা ঘোষের নাম ভোটার তালিকায় না থাকা নিয়ে এর আগে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের এই স্পষ্টীকরণের পর রিচার নাম দ্রুত তালিকায় ফিরবে কি না, এখন সেটাই দেখার।