স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Permanent Resident Certificate) ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (Special Intensive Revision—SIR) বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য জানিয়ে দিল নির্বাচন কমিশন।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 7 February 2026 23:19
দ্য ওয়াল ব্যুরো: স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Permanent Resident Certificate) ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (Special Intensive Revision—SIR) বৈধ নথি হিসেবে গ্রহণযোগ্য জানিয়ে দিল নির্বাচন কমিশন (ECI)। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে (CEO Manoj Agarwal) চিঠিও পাঠিয়েছে কমিশন (ECI)।
শনিবার পাঠানো ওই চিঠিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর (SIR West Bengal) সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতার নথির অন্তর্ভুক্ত। তবে সেই শংসাপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু হতে হবে।
চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে (West Bengal) ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হয় রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের নির্দেশিকা এবং তার পরবর্তী সংশোধনী অনুযায়ী। সেই নিয়ম মেনে জেলা শাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক অথবা কলকাতার ক্ষেত্রে (Kolkata) কালেক্টর— এই কর্তৃপক্ষের দ্বারা জারি শংসাপত্রই কেবল গ্রহণযোগ্য হবে। প্রতিনিধিত্ব আইন, ১৯৫০ অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত দায়িত্বে থাকা ইআরও ও এআরও-দের নির্দেশ দেওয়া হয়েছে, কেবলমাত্র এই ধরনের বৈধ শংসাপত্রই গ্রহণ করতে।

রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের নির্দেশিকা
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকের নজরে আনতে হবে এবং কঠোরভাবে তা কার্যকর করতে হবে। অর্থাৎ, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কোনও রকম শিথিলতা বা ব্যতিক্রমের সুযোগ থাকছে না।
৭ তারিখ অর্থাৎ আজ পর্যন্ত শুনানি পর্বের সময়সীমা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দেওয়ায় শেষ সময়ও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও বিলম্বিত হতে পারে।
এ প্রসঙ্গে ইতিমধ্যে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে। ৬ মার্চের পরিবর্তে এখন তা ১০ এপ্রিল করা হয়েছে। বাংলায় কি শুনানির সময় বাড়বে? সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal) জানিয়ে দিয়েছেন, সেটা এখনই বলা সম্ভব নয়। ডিইও-দের (DEO) রিপোর্ট পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।