বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপির (BJP News) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 February 2026 13:18
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal News) আগে বুথ নিরাপত্তা ঘিরে বড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় বুথগুলির নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে এনবিসিসি (NBCC)-কে। বুধবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) এই মর্মেই জানাল জাতীয় নির্বাচন কমিশন।
বুথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপির (BJP News) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বুথগুলির নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ করবে এনবিসিসি। এর ফলে আগের যে সংস্থা এই দায়িত্বে ছিল, তাদের সরিয়ে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের দাবি, রাজ্যের বুথগুলিতে নিরাপত্তা ব্যবস্থায় কোনও রকম ফাঁক না থাকতেই এই সিদ্ধান্ত। আদালতে জানানো হয়েছে, বুথ নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও রিপোর্টিংয়ের দায়িত্বও থাকবে সংশ্লিষ্ট সংস্থার উপর।
উল্লেখযোগ্য ভাবে, বিরোধী দলগুলির তরফে দীর্ঘ দিন ধরেই অভিযোগ উঠছিল, বুথ নিরাপত্তা ও নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে। সেই প্রেক্ষিতেই এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। কলকাতা হাইকোর্টে মামলার শুনানি এখনও চলছে। আদালতের নজরদারিতে বুথ নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আগামী দিনে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।
গত ১৩ জানুয়ারি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে রাজ্যের প্রায় ৮৩ হাজার বুথের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানান। আবেদনে শমীক ভট্টাচার্য জানান, বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নির্বাচনের পূর্বেই সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ বা ‘সার্ভে’ করা জরুরি। তিনি উল্লেখ করেন, এতদিন যে সংস্থা ‘ম্যাকিনটোশ বার্ন’ এই নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্বে ছিল, তারা প্রায় ছয় মাস আগে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। ফলে বর্তমানে রাজ্যের বুথ নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে দ্রুত কোনও উপযুক্ত সংস্থাকে ওই দায়িত্ব দেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেন বিজেপির রাজ্যসভাপতি। পাশাপাশি আবেদনে তিনি আরও জানান, রাজ্য সরকার যদি ৮৩ হাজার বুথের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপারগ হয়, তবে প্রয়োজনে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়।