শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আবারও বঙ্গ রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সেই আবহে আসন্ন ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বড় দাবি তুলেছেন।

দিলীপ ঘোষ
শেষ আপডেট: 3 January 2026 14:53
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের নির্বাচনকে (West Bengal Polls 2026) পাখির চোখ করে আগামী সোমবার বড় বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। সূত্রের খবর, ভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন ইস্যুতেই বৈঠক হতে চলেছে। তার আগে শনিবার বুথের ভিতর বাহিনী রাখার সওয়াল করলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, এমনটা হল তৃণমূল আর সরকারে ফিরতে পারবে না।
শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পর আবারও বঙ্গ রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সেই আবহে আসন্ন ভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে বড় দাবি তুলেছেন। বলেন, ''আমরা প্রথম থেকেই দাবি করে এসেছি যে বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকা, যত লুটপাট তো বুথের ভিতরে হয়।''
দিলীপের সংযোজন, বুথের মধ্যে অন্য দলের এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়। গত লোকসভা ভোটেও (Loksabha Vote) তাই ঘটেছে অনেক জায়গায়। তাই যদি বাইরের মতো বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে যারা ভোট দিতে যেতে ভয় পান, সেই সব ভোটাররাও ভোট দিতে যেতে পারবেন।
বিজেপি নেতার দাবি, এমনটা হলে ভোটের শতাংশও বাড়বে এবং তৃণমূলের টেকা মুশকিল হবে।
আগামী ৬ তারিখ থেকে দিলীপকে রাজনৈতিক সভা করতেও দেখা যাবে। তবে ইতিমধ্যে আবার দিলীপের কিছু মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লি ডেকে সেই ব্যাপারে বিশেষ নির্দেশও দিয়েছেন শাহ। বলা হয়েছে, দিলীপ ঘোষ যেন বেশি কথা না বলেন। সেই প্রেক্ষিতে আপাতত কিছুটা সংক্ষিপ্তভাবেই মন্তব্য করছেন দিলীপ ঘোষ।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অবশ্য সাফ কথা - দল যা বলবে সেটাই হবে। যাঁরা নীতি নির্ধারক তাঁরাই পরামর্শ দেবেন। আমি দলের বাইরে নই। তাই দলের শীর্ষ নেতৃত্বের কথা শুনে চলতেই হবে। এও জানান, যবে থেকে তিনি রাজনীতি করছেন, তবে থেকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি শুধু তাঁর বক্তব্য বলেন, দলের কিছু বক্তব্য থাকলে তা মুখপাত্ররা বলেন। তবে কে কী বলতে পারবে, সেটা দলই ঠিক করবে।