বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা বলেন, "বেশ কিছু ভোটার এসেছিলেন আমার কাছে। তাঁরা অভিযোগ জানিয়েছেন। আমরা অভিযোগ খতিয়ে দেখার চেষ্টা করছি।"

শেষ আপডেট: 7 February 2026 16:44
প্রতীতি ঘোষ, বসিরহাট: বাদুড়িয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন মৃত ভোটাররা। তুমুল উত্তেজনা সৃষ্টি হল এলাকায়।
বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া ব্লকে ৩৩ জন জীবিত ভোটারকে ফর্ম সেভেন ফিলআপ করিয়ে মৃত ঘোষণা করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। তাঁদের অভিযোগ, বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ বেনাগ্রাম ও আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথের মোট ৩৩ জন জীবিত ভোটারকে ৭ নম্বর ফর্মের মাধ্যমে মৃত দেখানো হয়েছে।
এরই প্রতিবাদে শনিবার বাদুড়িয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ৩৩ জন ভোটাররা। তাঁদের দাবি বিজেপি চক্রান্ত করে ৭ নম্বর ফর্ম ফিলাপ করে জীবিত ভোটারদেরকে মৃত দেখিয়েছে। এ বিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা বলেন, "বেশ কিছু ভোটার এসেছিলেন আমার কাছে। তাঁরা অভিযোগ জানিয়েছেন। আমরা অভিযোগ খতিয়ে দেখার চেষ্টা করছি।"
তৃণমূল নেতা মেহেবুর আলম বলেন, "সামনে বিধানসভার ভোট। বিজেপি চক্রান্ত করে এসআইআরের মাধ্যমে জীবিত ভোটারদের মৃত বলে বাদ দেওয়ার চক্রান্ত করছে। বিজেপি এই সব করে সফল হবে না। এই ৩৩ জনের শুনানির পর বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হবে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদের কঠোরতম সাজার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন।"