দৃশ্যটা এরকম। অধিবেশন চলায় এক মন্ত্রীর ঘর খানিকটা ফাঁকা। নিজের কাজ সারছেন মন্ত্রী। ঠিক সেই সময় ঢুকলেন পূর্ব মেদিনীপুরের (East Midnapore) এক বিধায়ক।

ছবি: এআই
শেষ আপডেট: 7 February 2026 16:27
বাজেট অধিবেশন (Budget Assembly) চলছেই। বিধানসভায় আলোচনা–বিতর্কের পারদ উঠছে-নামছে। কিন্তু সেই সব হইচই ছাপিয়ে ভিতরের ঘরে ঘরে ঘুরছে একটা প্রশ্ন, “থাকছি তো?” অর্থাৎ সপ্তদশ বিধানসভা পেরিয়ে অষ্টাদশেও জায়গা মিলবে তো?
দৃশ্যটা এরকম। অধিবেশন চলায় এক মন্ত্রীর ঘর খানিকটা ফাঁকা। নিজের কাজ সারছেন মন্ত্রী। ঠিক সেই সময় ঢুকলেন পূর্ব মেদিনীপুরের (East Midnapore) এক বিধায়ক। ঢুকেই সংক্ষিপ্ত প্রণাম। তার পর প্রায় কাতর প্রশ্ন—
“দাদা, আমার বিষয়টা কী হল?”
মন্ত্রী (West Bengal Minister) মাথা তুলে তাকান। ছোট্ট জবাব— “আরে, তোকে তো বলেছি।”
এই কথোপকথন শেষ হতে না হতেই কিছুক্ষণের ব্যবধানে হাজির আরও দুই বিধায়ক। ঢুকেই প্রণাম। প্রশ্নও সেই একই— “দাদা, আমারটা কী হল?”
এ দৃশ্য এক নয়, একাধিক মন্ত্রীর ঘরেই। কোথাও প্রথমবারের বিধায়ক, কোথাও দ্বিতীয়বারের। সকলের মুখে একই উৎকণ্ঠা— “হবে তো? থাকছি তো?”
ক্রমে পরিষ্কার হয়ে যায়, বাজেটের ধারা, সংশোধনী, আলোচনার থেকেও আপাতত বেশি জরুরি একটি বিষয়। দলীয় টিকিট। কে থাকছেন, কে বাদ পড়ছেন, কে বদল হচ্ছেন— এই প্রশ্নেই বিধানসভা ভবনের করিডর উত্তাল।
তৃণমূলের বিধায়কেরা (TMC MLA) ভাল করেই জানেন, প্রার্থী তালিকা কোথায় চূড়ান্ত হয়, কে শেষ কথা বলেন, ভোটকুশলী সংস্থার ভূমিকা কতটা। তবু যেখানে যেখানে সামান্য হলেও দরজা খোলা, সেখানেই হাজিরা। গত কয়েক দিন ধরে রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর ঘরে বিভিন্ন জেলার বিধায়কদের আনাগোনা সেই ইঙ্গিতই দিচ্ছে। উদ্দেশ্য একটাই— যেন কোনও দরজাই অছোঁয়া না থাকে।
তবে ওই দুই মন্ত্রী টিকিট প্রত্যাশীদের ভাসিয়ে রাখেননি। বরং বাস্তবের মাটিতেই পা রেখে কথা বলেছেন। এক বিধায়ককে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “আমি ক্যামাক স্ট্রিটে বলেছি। আশা করা যায় হবে। তুই দু’বারের বিধায়ক। কিন্তু এটাও জানিস, শেষ কথা কে বলবেন।”
এই কথা বলেই মন্ত্রী নিজের কাঁধে ঝোলানো ব্যাগটির দিকে ইশারা করেন। হালকা হাসি, কিন্তু ইঙ্গিত স্পষ্ট।
“চূড়ান্ত তালিকা কিন্তু ওই ঝোলার মধ্য থেকেই বেরবে।” ঝোলাটির নাম ‘জঙ্গলমহল’। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরসঙ্গী সেই ব্যাগ। যেখানে থাকে ওষুধ, গীতাঞ্জলি, মুড়ি, জরুরি কাগজ। আর এখন রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকাও (TMC Candidate List)।