অধীর বলেন, "অভিষেক ঠিক কথায় বলেছেন! কারণ উনি জানেন, বাংলায় ভোট হয় না, ভোটের জায়গায় লুট হয়। পঞ্চায়েত, সমবায় থেকে বিধানসভা, লোকসভা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। জ্যান্তকে মৃত, মৃতকে জ্যান্ত দেখিয়ে ভোট করানো হয়। তাই এতটা নিশ্চিত হয়ে অভিষেক একথা বলেছেন।"

অধীর চৌধুরী।
শেষ আপডেট: 1 December 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে বিজেপি-তৃণমূলের (BJP-TMC) অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম বঙ্গ রাজনীতি। এমন আবহে মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে ফের মোদী-দিদির (Narendra Modi-Mamata Banerjee) সেটিং তত্ত্বকে সামনে আনলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
মতুয়াদের নাগরিকত্বর দাবিতে এদিন রাজ্যের মুখ নির্বাচন কমিশনারের অফিসে হাজির হয়েছিলেন অধীর। সঙ্গে ছিলেন মতুয়া সম্প্রদায়ের কয়েকজন নেতৃত্বও।
সেখানে সাংবাদিক বৈঠক থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, "মতুয়া সম্প্রদায়ের সমস্যা মেটাতে পারে ডিএম, এসপিরা। তবু ভোটের কথা মাথায় রেখে মোদী-দিদি এসআইআর জুজুকে সামনে রেখে ভয়, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনী রুঁটি সেঁকছে। যেমনটা অতীতে সিএএ-র নাম করে করা হয়েছিল। ভোট মিটে গেলে দেখবেন, এই এসআইআর এর নামও আর শোনা যাবে না মোদী-দিদির মুখে!"
কংগ্রেস নেতার মতে, দিদি-মোদীর এই চাপের মধ্যে পড়ে সবচেয়ে কঠিন অবস্থা বিএলওদের। নির্বাচন কমিশন ভোট করায়, কিন্তু তাদের লোক তো সরবরাহ করে রাজ্য। রাজ্যের কোনও বিএলও-র ক্ষমতা আছে দিদির লোকেদের কথা না শুনে কিছু করার। অন্যদিকে আবার কমিশনের কথা না শুনলে তাঁরা বিএলওদের চাকরি খেয়ে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। আর এই দুইয়ের জাঁতাকলে পড়ে মানসিক চাপে বিএলও-রা আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছেন।
নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাকেও (Abhishek Banerjee)। এদিন কমিশন এবং বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, "ভাবছে এসআইআর এর মাধ্যমে কমিশনের ঘাড়ে ভর দিয়ে বাংলা দখল করবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এসআইআর এর পরও ২৬ সালের ভোটে বাংলায় তৃণমূলের আসন এবং ভোট সংখ্যা দুটোই বাড়বে।"
যার জবাবে অধীর বলেন, "অভিষেক ঠিক কথায় বলেছেন! কারণ উনি জানেন, বাংলায় ভোট হয় না, ভোটের জায়গায় লুট হয়। পঞ্চায়েত, সমবায় থেকে বিধানসভা, লোকসভা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। জ্যান্তকে মৃত, মৃতকে জ্যান্ত দেখিয়ে ভোট করানো হয়। তাই এতটা নিশ্চিত হয়ে অভিষেক একথা বলেছেন।"