হাওড়ার অভিজাত আইডিয়াল গ্র্যান্ড আবাসনে গুলির ঘটনায় গুরুতর জখম মহিলা। স্বামী গোপাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। আহতাকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হল বুধবার।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 November 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: শিবপুরের অভিজাত আবাসনে (luxury residential complex) মাঝরাতে শ্যুটআউট। আইডিয়াল গ্র্যান্ড (Ideal Grand) নামে ওই আবাসনের ডি-ব্লকের ১৫ তলার এক ফ্ল্যাটে গুলি লেগে গুরুতর জখম হলেন পুনম যাদব নামে এক মহিলা। ঘটনায় গ্রেফতার হয়েছেন তাঁর স্বামী গোপাল যাদব। ঠিক কীভাবে গুলি লাগল, কেন শ্যুটআউট হল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে শিবপুর থানা এলাকায় অবস্থিত আইডিয়াল গ্র্যান্ড আবাসনের ওই ফ্ল্যাট থেকে প্রথমে দুমদাম শব্দ শোনা যায়। প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে গুলির শব্দ স্পষ্ট হয়। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা উপরে গিয়ে দেখেন, পুনম যাদব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। গলায় গুলি আটকে গুলি। তাঁকে তড়িঘড়ি প্রথমে হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের বক্তব্য, মহিলার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গোপাল যাদবের ব্যক্তিগত পিস্তল (pistol) থেকেই গুলি ছোঁড়া হয়। পিস্তলটি বৈধ লাইসেন্সযুক্ত (licensed firearm) কি না, তা খতিয়ে দেখছে শিবপুর থানার তদন্তকারীরা। ঘটনার পর থেকে গোপালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে।
আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা জানান, আইডিয়াল গ্র্যান্ডে এর আগে কোনওদিন এমন ঘটনা ঘটেনি। বলেন, 'এটা অত্যন্ত শান্ত আবাসন। এমন গুলি চলার ঘটনা প্রথম তাই সবাই আতঙ্কিত।” আবাসনের বাসিন্দারাও জানিয়েছেন, রাতে হঠাৎ গুলির শব্দে তাঁরা ভয় পেয়ে যান। পরে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে ঘটনাটি জানতে পারেন।
পুলিশ ইতিমধ্যেই ফ্ল্যাটটি সিল করে দিয়েছে। ক্রাইম সিন ইনভেস্টিগেশন (crime scene investigation) টিম ঘটনাস্থল থেকে সংগ্রহ করেছে নমুনা। পিস্তল-সহ অন্যান্য প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। নিশ্চিত হওয়া যাচ্ছে না, গোপাল যাদব কি গুলি চালিয়েছিলেন, না কি কোনও সংঘর্ষের সময় অস্ত্র থেকে গুলি বেরিয়ে যায়। তদন্তকারীরা পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন।
এই মুহূর্তে ঘটনার মোটিভ (motive) স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছেন তাঁরা, অস্ত্রের বৈধতা, দম্পতির ব্যক্তিগত সম্পর্ক, সম্ভাব্য দুর্ঘটনার তত্ত্ব, সবটাই খতিয়ে দেখা হবে।