নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুধু রোল অবজার্ভারদেরই নয়, নিরাপত্তা বাড়ানো হচ্ছে সিইও দফতরেরও। কাজেই সেখানে খুব শীঘ্রই আসতে পারে কেন্দ্রীয় বাহিনী।

অবজার্ভারদের নিরাপত্তার জন্য আসছে কেন্দ্রীয় বাহিনী
শেষ আপডেট: 18 December 2025 21:02
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন কমিশনের অবজার্ভারদের (SIR West Bengal) নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ব্যবস্থা করা হোক। কমিশনকে (Election Commission) চিঠি পাঠিয়েছিলেন সি মুরুগান (C Murugan)। সূত্রের খবর, সেই চিঠিতেই সায় কমিশনের।
ক'দিন আগে তিনিই দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। স্থানীয় তৃণমূল সমর্থক (TMC) মহিলাদের নেতৃত্বে তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ দেখানো হয়।
এরপরই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান সি মুরুগান। সূত্রের খবর, ফলতার প্রসঙ্গ টেনে বাংলার সমস্ত রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়ানো হোক, এই মর্মে তিনি চিঠি লিখেছিলেন। সেই চিঠির কপি পাঠিয়েছিলেন সিইও দফতরকেও। সূত্রের খবর, সেই চিঠিতে সায় দিয়ে হিয়ারিংয়ের মধ্যেই বাংলার রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়াতে চলেছে কমিশন। ফলত, অবজার্ভাররা যখন এসআইআর-এর হিয়ারিংয়ে জেলায় যাবেন, তখন তাঁদের নিরাপত্তার জন্য সঙ্গে থাকবেন জওয়ানরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুধু রোল অবজার্ভারদেরই নয়, নিরাপত্তা বাড়ানো হচ্ছে সিইও দফতরেরও। কাজেই সেখানে খুব শীঘ্রই আসতে পারে কেন্দ্রীয় বাহিনী।
রাজ্যে বর্তমানে একজন বিশেষ পর্যবেক্ষক বা স্পেশ্যাল রোল অবজার্ভার ও ১২ জন রোল অবজার্ভারকে পশ্চিমবঙ্গে নিযুক্ত করেছে। তাঁরা বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতার ঘটনার পর পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে রাজি নন তাঁরা। সেই কারণেই উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
তাছাড়া, গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তৃণমূলপন্থী সংগঠন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। মাঝে মধ্যেই যে কারণে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা।
এসআইআরের কাজ চলাকালীন রাজ্যে বেশ কয়েক জন বিএলও-র মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। তার পর থেকেই দফায় দফায় সিইও দফতরের সামনে বিক্ষোভ চালাচ্ছেন কমিটির সদস্যরা। কখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কখনও ব্যারিকেড ভেঙে সিইও অফিসে ঢোকার চেষ্টা, সবটা জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিল সিইও অফিস। সূত্রের খবর নিরাপত্তা যাতে বাড়ানো হয়, সে ব্যাপারেও জানানো হয় কমিশনকে। এবার সিইও দফতরের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে জাতীয় নির্বাচন কমিশন।