একই সঙ্গে আদালত এও বলে, "কীভাবে বাইরের মানুষ বিধানসভার ভিতরে ঢুকে বিধায়ককে হুমকি দেবে?"
.jpeg.webp)
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 11 June 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার ভিতরে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court ) মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দুি অধিকারী (Suvendu Adhikari)। ওই মামলায় বিরোধী দলনেতার বক্তব্য ছিল, যদি বিধানসভায় রাজ্য পুলিশ ঢুকতে পারে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢুকতে বাধা কোথায়? কেন একই জায়গায় দু'ধরনের নিয়ম বলবৎ করা হয়েছে?
ওই মামলায় বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, "বিধানসভার ভিতরে কি হুমকির বিষয় আছে নাকি, যে নিরাপত্তার প্রয়োজন?" শুভেন্দু কেন কেন্দ্রীয় বাহিনীর রক্ষীদের বিধানসভার মধ্যে প্রবেশ করাতে চাইছেন তাও জানতে চান বিচারপতি।
একই সঙ্গে আদালত এও বলে, "কীভাবে বাইরের মানুষ বিধানসভার ভিতরে ঢুকে বিধায়ককে হুমকি দেবে?" মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ জুন। ওই দিন এ ব্যাপারে আদালতকে বিস্তারিত জানাবেন বিরোধী দলনেতার আইনজীবী।
ঘটনার সূত্রপাত, গত বছরের অগস্টে শুভেন্দু যখন বিধানসভার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করতে দেখা গিয়েছিল পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। ওই ঘটনায় কিছুক্ষণ বাকবিতণ্ডাও চলে দু'জনের মধ্যে। সেই সময় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু। এ ব্যাপারে বিজেপি বিধায়কদের নিরাপত্তা চেয়ে পদ্মশিবিরের তরফে স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছিল।
অভিযোগ, এ ব্যাপারে স্পিকার কোনও কর্ণপাত করেননি। বিরোধী দলনেতা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন। এরপরই সেই বাহিনীর জওয়ানদের বিধানসভার অভ্যন্তরে প্রবেশের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে সংশ্লিষ্ট মামলাটি।