আজ ভক্তদের বিশেষ আকর্ষণ গজ-বেশে সুসজ্জিত শ্রীশ্রী জগন্নাথ, সঙ্গে বলদেব ও সুভদ্রা।

শেষ আপডেট: 11 June 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: দিঘা জগন্নাথ ধামে পবিত্র স্নান যাত্রা দিয়ে রথযাত্রা উৎসবের আধ্যাত্মিক সূচনা হল। গত এপ্রিলে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রথযাত্রার পুজোয় থাকছে তাঁর বাড়ির গাছের আম, কাঁঠালও। জগন্নাথদেবের উদ্দেশে নিবেদন করা ছাপ্পান্ন ভোগে তা নিবেদন করা হবে দুপুরে।
পবিত্র স্নান যাত্রা উৎসবের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা একে একে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে আসবেন। মন্দিরের দক্ষিণ পাশে অর্থাৎ ডান দিকে স্নান যাত্রা উৎসব উপলক্ষে এক বিশেষ বেদি তৈরি করা হয়েছে, যেখানে তাঁদের মহাস্নান সম্পন্ন হবে বলে জানা গেছে।
১০৮টি তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র সামগ্রী মেশানো হবে দেবতাদের স্নানের জলে। যথাযথ নিয়ম মেনে স্নানের পর দেবতাদের উদ্দেশে ভোগ নিবেদন করা হবে।
আজকে ভক্তদের বিশেষ আকর্ষণ গজ-বেশে সুসজ্জিত শ্রীশ্রী জগন্নাথ, সঙ্গে বলদেব ও সুভদ্রা। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের দর্শনের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে। তবে আগামিকাল থেকে (স্নান যাত্রার পরে জ্বরের কারণে) দেবতারা বিশ্রামে থাকবেন। তাই সেই সময় দর্শন বন্ধ থাকবে। তবে মন্দির খোলা থাকবে। শ্রীশ্রী রাধা মদনমোহনের দর্শনে আসতে পারবেন মানুষ।
২৬ জুন অর্থাৎ, রথযাত্রার একদিন আগে আবারও জগন্নাথদেবের দর্শনে আসতে পারবেন পুণ্যার্থীরা। ২৭ জুন মাহেন্দ্রক্ষণে শুরু হবে মহা রথযাত্রা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনে ইতিমধ্যেই দিঘার জগন্নাথ মন্দির থেকে ৩০০ কেজি মহা প্রসাদ জেলায় জেলায় এসে পৌঁছেছে। ব্লকের মিষ্টির দোকানে ওই প্রসাদ থেকে মিষ্টি তৈরি হবে এবং সব বাড়ি বাড়ি যাবে।
রাজ্যজুড়ে প্রসাদ পৌঁছে দিতে বিশেষ প্যাকেট বানানো হচ্ছে। তাতে থাকবে মন্দিরের ছবি। বাংলার প্রতিটি পরিবার জগন্নাথ ধামের প্রসাদ পাবে, এটাই সরকারের উদ্দেশ্য।
খাদ্য দফতরের প্রকল্প 'দুয়ারে রেশন'-এর মাধ্যমেই এই বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। যাঁরা এই রেশন ব্যবস্থার মধ্যে নেই, তাঁদের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে আলাদাভাবে বিতরণের পদ্ধতি আগে থেকেই ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে।