স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা আড়াইটা নাগাদ ছুটির পর পুলকারে বাড়ি ফিরছিল স্থানীয় একটি বেসরকারি স্কুলের জনা সাতেক পড়ুয়া। বাঁকুড়ার তামলীবাঁধ মোড়ের কাছে প্রচণ্ড গতিতে পুলকারটি গিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে বাঁকুড়া বাসস্ট্যান্ডগামী একটি বেসরকারি বাসে। দুর্ঘটনায় পুলকারের একাংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনের অংশও ক্ষতিগ্রস্থ হয়।

শেষ আপডেট: 27 November 2025 16:27
দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বুধবার নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কায় জখম হয়েছিল ৮ স্কুলপড়ুয়া। বৃহস্পতিবার ফের দুর্ঘটনায় স্কুল পড়ুয়ারা। যাত্রীবোঝাই বাসের সঙ্গে পুলকারের সংঘর্ষে জখম হল বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। এদিন দুপুরে বাঁকুড়া জেলা শাসকের দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তামলীবাঁধ মোড়ে ঘটনাটি ঘটে। ঘটনার পরেই ওই মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা আড়াইটা নাগাদ ছুটির পর পুলকারে বাড়ি ফিরছিল স্থানীয় একটি বেসরকারি স্কুলের জনা সাতেক পড়ুয়া। বাঁকুড়ার তামলীবাঁধ মোড়ের কাছে প্রচণ্ড গতিতে পুলকারটি গিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে বাঁকুড়া বাসস্ট্যান্ডগামী একটি বেসরকারি বাসে। দুর্ঘটনায় পুলকারের একাংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনের অংশও ক্ষতিগ্রস্থ হয়।
ঘটনায় পুলকারে থাকা বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোনও পড়ুয়ার আঘাতই তেমন গুরুতর নয়। খবর পেয়ে অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাড়ি নিয়ে যায়। তবে আকস্মিক এই ঘটনায় ভয় পেয়ে যায় তারা। কান্নাকাটি শুরু করে। খবর পেয়ে বাঁকুড়া ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলকার ও বাসটিকে আটক করে।
বুধবার সকাল দশটা নাগাদ স্থানীয় বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়া দল বেঁধে স্কুলে যাচ্ছিল। সেইসময় স্থানীয় এক যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে উল্টো দিক থেকে এসে ওই পড়ুয়াদের ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে ওই পাঁচ পড়ুয়া।
পাঁচ জনকে ধাক্কা দেওয়ার পর ফের বেপরোয়া গতিতে বাইক চালিয়ে এলাকা ছাড়তে চায় ওই যুবক। বেশ কিছুটা গিয়ে ফের তিন পড়ুয়াকে ধাক্কা দেয়। সবমিলিয়ে বাইকের ধাক্কায় আহত হয় স্কুলের আট পড়ুয়া। খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই দ্রুত আহত পড়ুয়াদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন। পরে আহতদের পাঠানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেই বাঁকুড়াতেই দুর্ঘটনার মুখে পড়ল স্কুল পড়ুয়ারা।