পোস্ট অফিসের পিওনের বাড়ির পিছনে কীভাবে কে ফেলে গেল অপর্যাপ্ত সরকারি নথি, উত্তর খুঁজছেন এলাকার মানুষ। SIR নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়েছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু বিতর্ক তৈরি হচ্ছে। সামনে আসছে বিএলওদের নানা সমস্যা, নথি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ।

শেষ আপডেট: 27 November 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই চমকে গেলেন ফরাক্কার অর্জুনপুরের বাসিন্দারা। পোস্ট অফিসের পিওনের বাড়ির পেছনে পড়ে রয়েছে প্রচুর পরিমাণে আধার কার্ড, এটিএম কার্ড এবং ডিজিটাল রেশন কার্ড। আলোড়ন পড়ে যায় এলাকায়।
পোস্ট অফিসের পিওনের বাড়ির পিছনে কীভাবে কে ফেলে গেল অপর্যাপ্ত সরকারি নথি, উত্তর খুঁজছেন এলাকার মানুষ। SIR নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়েছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু বিতর্ক তৈরি হচ্ছে। সামনে আসছে বিএলওদের নানা সমস্যা, নথি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ। এমন আবহেই এদিন এত এত সরকারি নথি বাড়ির পিছনে ঝোপে পড়ে থাকতে দেখে হইচই পড়ে যায়।
ডাকঘরের যে কর্মীর বাড়ির পিছন থেকে এই নথি মিলেছে, তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, গোটা ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, “আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমি পোস্ট অফিসে চাকরি করি, আমার বাড়ির পিছন থেকে আধার কার্ড-সহ এত নথি উদ্ধার হওয়ায়, আমিই যে এর সঙ্গে যুক্ত তা প্রমাণ হয় না।” পোস্টমাস্টার বলেন, “আমি ঊর্ধ্বতন দফতরে বিষয়টি জানাব। তদন্তের মাধ্যমে সবকিছু স্পষ্ট হয়ে যাবে।” খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান পোস্ট মাস্টার। সবকিছু খতিয়ে দেখেন।
স্থানীয়দের দাবি, এই ঘটনায় তদন্ত হওয়া জরুরি, কারণ সরকারি নথি অবৈধভাবে লুকিয়ে রাখা গুরুতর অপরাধ। তাঁদের অভিযোগ, যাঁর বাড়ির পিছন থেকে এই সমস্ত নথি মিলেছে, তিনিই এ কাজ করেছেন। এগুলি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর। না দিয়ে জমিয়ে রেখেছিলেন। এখন ফেলে দিয়েছেন। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়।