বুধবারই সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে—বাংলায় এসআইআর কাজ করতে গিয়ে নজিরবিহীন রাজনৈতিক আক্রমণের মুখোমুখি হচ্ছেন বিএলওরা।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 27 November 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআর (SIR) কাজ নিয়ে যখন তুমুল চাপানউতোর, ঠিক তখনই ফের রাজনৈতিক চাপে পড়লেন এক বুথ লেভেল অফিসার (BLO, Maldha)। মালদহের হরিশচন্দ্রপুরে বুধবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা।
অভিযোগ, এনুমারেশন ফর্ম ‘কথা মতো’ না ভরায় এক বিএলও-র স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করল এলাকার জমি-মাফিয়া চক্র। অভিযোগের তীর কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য কসিমউদ্দিনের দিকে (accused Congress leader))।
ঘটনাটি সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বালুয়াটোলায়। অভিযোগ, কসিমউদ্দিন-ঘনিষ্ঠদের চাপে এনুমারেশনে হস্তক্ষেপ চলছিল বহু দিন ধরেই। বিএলও নিজের দায়িত্ব অনুযায়ী নিয়ম মেনে কাজ করায় ক্ষুব্ধ হয় একাংশ। বুধবার রাতে বাড়ি থেকে তাঁর স্বামীকে তুলে নিয়ে গিয়ে চলে বেধড়ক মারধর। গুরুতর জখম অবস্থায় এখন তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে হইচই। কংগ্রেস নেতৃত্ব অবশ্য দ্রুতই দায় ঝেড়ে ফেলে দাবি করেছে—কসিমউদ্দিন এখন আর দলের সঙ্গে যুক্ত নন। বরং তিনি নাকি শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ বলেই দাবি কংগ্রেসের। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে নারাজ। অভিযুক্ত নেতা নিজেও কোনও মন্তব্য করেননি।
এমন এক সময় এই ঘটনা ঘটল, যখন বুধবারই সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে—বাংলায় এসআইআর কাজ করতে গিয়ে নজিরবিহীন রাজনৈতিক আক্রমণের মুখোমুখি হচ্ছেন বিএলওরা। আদালতের পর্যবেক্ষণ যে উদ্বেগ বাড়িয়েছে, মালদহের ঘটনার পর তা আরও স্পষ্ট।
রাজ্য জুড়ে এখন ভোটার তালিকা সংশোধনের ব্যস্ত সময়। কিন্তু বারবার বিএলও-দের উপর হামলা, হুমকি, চাপের অভিযোগ উঠতেই তাঁদের মধ্যে আতঙ্ক বাড়ছে। মালদহের এই ঘটনা সেই উদ্বেগকে আরও তীব্র করল। তাঁদের কথায়, পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে এভাবে দায়িত্ব পালন করা অসম্ভব। প্রশাসনের তদন্ত কোন পথে যায়, সেটাই এখন নজরে।