ফের অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি সৌগত রায়। ডায়ারিয়া ও রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় চিকিৎসাধীন প্রবীণ সাংসদ।

সৌগত রায় (ফাইল ছবি)
শেষ আপডেট: 19 January 2026 15:11
দ্য ওয়াল ব্যুরো: ফের অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে সাংসদকে।
জানা গিয়েছে, রবিবার রাতে একটি অনুষ্ঠানবাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই খাওয়াদাওয়া করেন। বাড়ি ফেরার পর আচমকাই অসুস্থবোধ করতে শুরু করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে জানা যায়, তাঁর ডায়ারিয়া হয়েছে। পাশাপাশি আচমকাই রক্তে শর্করার মাত্রাও কমে যায়। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
কিছুদিন আগেই সৌগতর বুকে পেসমেকার (Pacemaker) বসানো হয়েছে। চিকিৎসকদের বড় উদ্বেগের জায়গা এখন এটি। সেই সংক্রান্ত কোনও জটিলতা তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রিপোর্ট সন্তোষজনক থাকলে আগামী ২–৩ দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, সৌগত রায়ের অসুস্থতা নতুন নয়। গত বছরের ১০ মার্চ, লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবন থেকে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়েন। সংসদের কর্মীরা তাঁকে হুইলচেয়ারে বসিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করেন ধীরে ধীরে। এর পর ৩০ এপ্রিল, আড়িয়াদহতে (Ariadaha) একটি মন্দির উদ্বোধনে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে বেলঘরিয়ার (Belgharia) এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়ই বুকে বসে পেসমেকার।
এর পরে গত ২২ জুন ফের হাসপাতালে ভর্তি হতে হয় সাংসদকে। তখন তাঁর শরীরে ভিটামিন বি ওয়ান (Vitamin B1)-এর ঘাটতি ধরা পড়ে। পাশাপাশি শিরদাঁড়ার নীচে ব্যথা, জটিল স্নায়ুরোগ এবং ফুসফুসের সংক্রমণ (Lung Infection)-এর সমস্যাও দেখা দিয়েছিল। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সে বার ধীরে ধীরে সুস্থ হন তিনি। ফেরেন ময়দানে। চুটিয়ে কাজ শুরু করেন।
তাঁর ফের অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে সোমবার উদ্বেগ বেড়েছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতেই রয়েছেন সৌগত রায়।