জর্জিয়ার বাতুমি শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন সর্বার্থ মণি। ঠিক তাঁর পরেই রুপো নিয়ে ফিরছেন আরেক বাঙালি দাবারত্ন, ঐশিক মণ্ডল।

বিশ্বমঞ্চে সাফল্য বাংলার দুই ছোট্ট দাবাড়ুর
শেষ আপডেট: 6 July 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক দাবার মঞ্চে ফের উজ্জ্বল ছাপ রাখল বাংলা। ফিদে (FIDE) আয়োজিত বিশ্বকাপ দাবা (Chess Championship) প্রতিযোগিতার অনূর্ধ্ব-১০ বিভাগে (Under 10) নজরকাড়া সাফল্য এনেছে বাংলার দুই প্রতিভা, সর্বার্থ মণি ও ঐশিক মণ্ডল। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সোশ্যাল মিডিয়া এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, জর্জিয়ার বাতুমি শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন সর্বার্থ মণি। ঠিক তাঁর পরেই রুপো নিয়ে ফিরছেন আরেক বাঙালি দাবারত্ন, ঐশিক মণ্ডল। দুই প্রতিযোগীর এই জয় শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, বাংলা তথা ভারতের ক্রীড়াক্ষেত্রের জন্য এক বড় প্রাপ্তি।
ছোট্ট দুই দাবাড়ুর এই নজিরবিহীন পারফরম্যান্স ইতিমধ্যেই গোটা দেশের প্রশংসা কুড়িয়েছে। তাঁদের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য উদ্দীপনার বাতাবরণ তৈরি করছে বলেও জানিয়েছেন মমতা। লিখেছেন, বিশ্বের সেরা দাবাড়ুদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে প্রমাণ করে দিল বাংলার ছেলেরাও পিছিয়ে নেই।
শেষে এই দুই প্রতিভাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ওদের জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং আগামীর পথচলায় অনেক অনেক শুভেচ্ছা।