এই হার যে অনেকটা আলাদা, আগেরবারের চেয়ে তো বটেই, মেনে নিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ। কার্লসেনকে সতর্ক করার ঢঙে তিনি বলেন, ‘ম্যাগনাসের আধিপত্য নিয়ে প্রশ্ন তো উঠবেই। তার কারণ নিছক দ্বিতীয় হার নয়, স্মরণীয় পরাজয়ও বটে!’

কার্লসেন
শেষ আপডেট: 4 July 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: একমাসও হয়নি। নরওয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডি গুকেশের কাছে হেরে রাগের বশে টেবিল চাপড়েছিলেন দুনিয়ার এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। সেটা ছিল ক্লাসিক্যাল দাবা। এবার ব্লিৎজেও তিনি একইভাবে কুপোকাত হলেন। হারালেন সেই গুকেশ। তবে এবার টেবিল থাবড়ালেন না, উত্তেজিত হ্যান্ডশেকও সারলেন না। বদলে দাঁড় করালেন অজুহাত। জানালেন, দাবা বস্তুটাই আর উপভোগ করছেন না তিনি। প্রতিযোগিতার উত্তেজনা হারিয়ে ফেলছেন!
অথচ টুর্নামেন্ট শুরুর আগে বছর উনিশের গুকেশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কার্লসেন। তাঁকে ‘দুর্বল’ বলে দেগে দেন। ক্লাসিক্যালে ঠিক আছে, কিন্তু র্যাপিডে সেভাবে ক্ষিপ্র ও ধারালো নন গুকেশ—সাফ জানান নরওয়ের দাবাড়ু।
প্রতিপক্ষের মুখের কথার জবাব যদিও পালটা বাকযুদ্ধে জড়িয়ে নয়, চৌষট্টি খোপের খেলায় বুঝিয়ে দিয়েছেন গুকেশ। নরওয়ের ম্যাচে ভাগ্যের সাহায্য জুটেছিল—একথা সাফ সাফ মেনে নিলেও গতকাল সুপার ইউনাইটেড র্যাপিড ও ব্লিৎজ টুর্নামেন্টের র্যাপিড বিভাগে দাপটের সঙ্গে চাল চেলে কার্লেসেনকে নাস্তানাবুদ করলেন গুকেশ।
লড়াই হেরে গেলবার ক্লাসিক্যাল দাবায় আগ্রহ হারানোর কথা ঘোষণা করেন কার্লসেন। এবার আরও একধাপ হেরে বলেন, ‘সত্যি বলতে, এই মুহূর্তে দাবা খেলাটা উপভোগ করছি না। যখন খেলছি তখন কোনও উত্তেজনা হচ্ছে না। প্রতিমুহূর্তে দ্বিধায় ভুগছি, যেটা খুব খারাপ!’
কার্লসেন মুখে যাই বলুন না কেন, চলতি টুর্নামেন্টে তাঁকে ছাপিয়ে শীর্ষে কিন্তু সেই ‘দুর্বল’ গুকেশ। ছয় রাউন্ড শেষে টানা পাঁচটি ম্যাচ জিতে ভারতীয় দাবাড়ুর পয়েন্ট ১০। ৬ পয়েন্টে পিছু ধাওয়া করছেন কার্লসেন। যিনি দৌড়ে পিছিয়ে গুকেশের কর্তৃত্ব মেনেও নিয়েছেন। বলেছেন, ‘এই ফর্ম্যাটে খুবই ভাল খেলছে। এখনও টুর্নামেন্টে অনেকটা পথ বাকি। যদিও পরপর পাঁচটা ম্যাচ জেতা মুখের কথা নয়!’ সেই সঙ্গে নিজের খামতি মেনে নিয়ে যোগ করেন, ‘আমি এই প্রতিযোগিতায় খুব খারাপ খেলেছি। যে কারণে এবার ফল ভুগতে হল!’
এই হার যে অনেকটা আলাদা, আগেরবারের চেয়ে তো বটেই, মেনে নিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ। কার্লসেনকে সতর্ক করার ঢঙে তিনি বলেন, ‘ম্যাগনাসের আধিপত্য নিয়ে প্রশ্ন তো উঠবেই। তার কারণ নিছক দ্বিতীয় হার নয়, স্মরণীয় পরাজয়ও বটে!’
প্রতিপক্ষকে ‘দুর্বল’ বলার মাশুলই কি গুনতে হচ্ছে কার্লসেনকে? প্রশ্নের জবাব দিতে পারবেন দুজন। একজন কার্লসেন নিজে। অন্যজন গুকেশ।