কখনও কখনও তোমার শক্তি, লড়াইয়ের গুণাবলী তোমাকে সাফল্য এনে দিতে পারে। তুমি আশাবাদী হতেই পার, তবে তার মানে এই নয় যে, তোমার থেকে ভাল চাল কেউ দিতে পারে না।

ম্যাগানাস কার্লসেন
শেষ আপডেট: 3 June 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: চৌষট্টি খোপের পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগানাস কার্লসেন (Magnus Carlsen)। তাঁর প্রতিভা বা দক্ষতা নিয়ে অতি বড় সমালোচকও প্রশ্ন তুলতে পারবেন না। কিন্তু তাঁর মনোভাব ও ব্যবহার নিয়ে মাঝেমধ্যেই আলোচনা হয়। ফিডের বিশ্বচ্যাম্পিয়নশিপেও এখন আর খেলেন না তিনি। কারণ কার্লসেন মনে করেন, সেখানে তাঁর যোগ্য প্রতিদ্বন্দ্বী নেই।
একদিন আগে নরওয়ে চেজ টুর্নামেন্টে (Norway Chess Tournament) বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দোম্মারাজু গুকেশের (Dommaraju Gukesh) কাছে হেরেছেন কার্লসেন। আর ভারতের ১৯ বছরের গ্র্যান্ডমাস্টাররের কাছে হারের পরই তিনি যে আচরণ করেছেন তা এখন দাবাবিশ্বের আলোচনার প্রধান বিষয়বস্তু। হারের পর টেবিলেই চাপড় মারেন নরওয়ের কিংবদন্তি।
গুকেশের কাছে হারের পর রীতিমতো অবাক দেখাচ্ছিল কার্লসেনকে। সেই ম্যাচের একদিন পর ম্যাগনাস আজ তাঁর প্রতিক্রিয়া (Reaction) জানিয়েছেন। গুকেশের প্রশংসা করে তিনি বলেছেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নের "শক্তি" এবং "লড়াই করার গুণাবলী" তাঁকে জয় এনে দিয়েছে। তবে পাশাপাশি কার্লসেন এটাও জানিয়েছেন যে, "স্বাভাবিক দিনে" তিনিই ম্যাচটি জিততেন।
৩৪ বছর বয়সি কার্লসেন ১৯ বছর বয়সি গুকেশের কাছে টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে হেরে যাওয়ার পর, টেবিলে চাপড় মেরে নিজের হতাশা প্রকাশ করেন। যার ফলে ঘুঁটিগুলি এলোমেলো হয়ে যায়। এরপর গুকেশের সঙ্গে করমর্দন করার পর অবশ্য তিনি ঘুঁটিগুলি আবার বোর্ডে রেখে দেন। তবে, টেবিল ছাড়ার সময় কার্লসেনের মুখে অবিশ্বাস এবং হতাশার ছাপ স্পষ্ট ছিল।
সোমবার কার্লসেন বলেছেন, "আমার মনে হয়, আমি নিজেও সেই বয়সের ছিলাম। কখনও কখনও তোমার শক্তি, লড়াইয়ের গুণাবলী তোমাকে সাফল্য এনে দিতে পারে। তুমি আশাবাদী হতেই পার, তবে তার মানে এই নয় যে, তোমার থেকে ভাল চাল কেউ দিতে পারে না।" রবিবার রাতের প্রভাব এই কথা বলার সময়ও কার্লসেনের মুখে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।
কার্লসেন বলেছেন, "আমার মনে হয়, অনেক দিন ধরে সে (গুকেশ) নিজেকে প্রস্তুত করছিল। হ্যাঁ, নিজের দিনে অবশ্যই আমি ম্যাচটি জিততাম।" তবে কার্লসেন গুকেশের লড়াইয়ের গুণাবলীর প্রশংসা করেছেন। তিনি বলেন, গুকেশ সবসময় প্রাপ্ত সুযোগগুলি কাজে লাগানোর জন্য দৃঢ় ছিলেন, যা তিনি রাউন্ড ৬ খেলার বেশিরভাগ সময় প্রতিকূল পরিস্থিতিতে থাকা সত্ত্বেও করেছিলেন। কার্লসেন বলেন, "আমি বলতে চাইছি যে, গুকেশ যা ভাল করে তা হল, সে সত্যিই খুব দারুণভাবে লড়াই করে, এবং প্রাপ্ত সুযোগককে কাজে লাগাতে পারে। তাই সে এর জন্য কৃতিত্বের দাবিদার।"
কার্লসেন আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি হয়তো আগামী মরশুমে নরওয়ে দাবা খেলার ব্যাপারে পুনর্বিবেচনা করবেন। বলেছেন, "আমি মনে করি আমি শেষ তিনটি খেলা (নরওয়ে দাবায়) খেলব, এবং তারপর আমাকে পরের বছর এখানে অথবা পরে অন্যান্য টুর্নামেন্ট সম্পর্কে কিছু সিদ্ধান্ত নিতে হবে। কারণ, হ্যাঁ... আমি ধ্রুপদী দাবা তেমন উপভোগ করি না।" পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর জন্য ধ্রুপদী দাবা হয়তো শেষের পথে।