নিভৃতে নয়। প্রকাশ্যে পক্ষ নিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। তবে সেনেটে কোনও নির্বাচনে নয়। আইপিএলে (IPL)। ফাইনালে তাঁর বাজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।

ঋষি সুনাক
শেষ আপডেট: 3 June 2025 16:13
দ্য ওয়াল ব্যুরো: নিভৃতে নয়। প্রকাশ্যে পক্ষ নিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। তবে সেনেটে কোনও নির্বাচনে নয়। আইপিএলে (IPL)। ফাইনালে তাঁর বাজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিরাটের (VIrat Kohli) আরসিবি হারিয়ে দিক পাঞ্জাব কিংসকে (PBKS)—এমনই আশা প্রকাশ করেছেন ঋষি। বলেছেন, ‘বেঙ্গালুরুর মেয়েকে বিয়ে করেছি। তাই আরসিবিই আমার টিম!’
স্ত্রীকে ভালবাসার প্রস্তাব দেওয়ার সময় কন্নড় বলতে হোঁচট খান। তারপর দিন গড়িয়ে মাস। মাস পেরিয়ে বছর। কিন্তু কিছুতেই ভাষাটা আয়ত্তে আসেনি। তবুও শহর হিসেবে বেঙ্গালুরুর প্রেমে মাতোয়ারা ঋষি। আর সেটা বেড়েছে শ্বশুরবাড়ির আশকারায়। যারা ঘোষিতভাবে আরসিবি সমর্থক। এতটাই যে, বিয়ের সময় নতুন জামাইয়ের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় দলের জার্সি!
আরসিবিকে সমর্থন আজ নয়। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার সময় থেকেই কোহলিদের হয়ে গলা ফাটিয়েছেন। সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট। তিনিই ঘটনাক্রমে ঋষি সুনকের প্রিয়তম ক্রিকেটারও বটে! দুই ইংরেজ খেলোয়াড় ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনও আরসিবির সদস্য। ঋষি চান তাঁদের হাতে উঠুক আইপিএল ট্রফি, আমদাবাদের মাটিতে প্রথমবারের জন্য খেতাব জিতুক বেঙ্গালুরু বাহিনী!
শুধু আরসিবি নয়। আইপিএল নিয়েও ইতিবাচক ঋষি। বলেছেন, ‘আইপিএল ক্রিকেটের ধারণাই পালটে দিয়েছে। বিশ্বের যে কোনও প্রান্তের যে কোনও ক্রিকেটার আজ এই টুর্নামেন্টে নামতে চায়।‘ উদাহরণ হিসেবে তিনি জুড়ে দেন, ‘গত সপ্তাহে আমি এজবাস্টনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে উপস্থিত ছিলাম। জ্যাকব বেথেল ওই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে। আসলে আইপিএল ওকে খেলোয়াড় হিসেবে অনেক উন্নত করেছে।‘