আইপিএলে বাজির লড়াই নতুন কিছু নয়। বিভিন্ন প্ল্যাটফর্ম এতদিন তার বিজ্ঞাপনও দিয়ে এসেছে। কিন্তু কোনও সেলেব্রিটি বিশেষ কোনও দলের হয়ে বাজি রাখছেন—এটা বোধ হয় আগে খুব একটা দেখা যায়নি!

ড্রেক
শেষ আপডেট: 3 June 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: ‘এ বছর কাপ আমাদের’—আরসিবি (RCB) সমর্থকদের বিখ্যাত স্লোগান। এতদিন এর কন্নড় রূপ বেঙ্গালুরুর (Bengaluru) অলিগলিতে টাঙানো ফেস্টুনে লেখা থাকত, লোকের মুখে মুখে ফিরত। এবার সেটাই শোনা গেল কানাডিয়ান র্যাপার ড্রেকের (Drake) গলায়!
আইপিএলে বাজির লড়াই নতুন কিছু নয়। বিভিন্ন প্ল্যাটফর্ম এতদিন তার বিজ্ঞাপনও দিয়ে এসেছে। কিন্তু কোনও সেলেব্রিটি বিশেষ কোনও দলের হয়ে বাজি রাখছেন—এটা বোধ হয় আগে খুব একটা দেখা যায়নি!
ড্রেক সেই কাণ্ডটাই করেছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ফাঁস’ করেছেন নিজের কীর্তি। জানিয়েছেন—এক লাখ, দু’লাখ নয়—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি ৬ কোটি ৪০ লক্ষ টাকার বাজি রেখেছেন। বিরাট কোহলির আরসিবিই শ্রেয়সের পাঞ্জাবকে হারাবে—এতটাই নিশ্চিত তিনি। শুধু তাই নয়। পোস্টের ক্যাপশনেও বেঙ্গালুরুর স্লোগান ‘এ বছর কাপ আমাদের’ লিখে সমর্থনকে আরও সোচ্চারে ঘোষণা করেছেন বিখ্যাত র্যাপার।
প্রসঙ্গত, এই বাজি রাখা হয়েছে ক্রিপ্টো বেটিং প্লাটফর্ম ‘স্টেকে’। বাজির দর ১.৭৫। যার অর্থ রজত পাটিদারের নেতৃত্বে আরসিবি ট্রফি ঘরে আনলে ড্রেকের অ্যাকাউন্টে ঢুকবে ১.৩ মিলিয়ন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা!
যারাই জিতুক না কেন, এ বছর আইপিএল পাবে নয়া বিজয়ী! এর আগে আরসিবি তিন বার ফাইনালে উঠেছিল। কিন্তু প্রতিবার খালি হাতে ফিরতে হয়েছে। ২০১৬ সালে শেষবার ফাইনালে ওঠে আরসিবি। বিরাট কোহলি ছিলেন দলের নেতৃত্বে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি!
অন্যদিকে পাঞ্জাব বাহিনীও তেতে। ১১ বছর বাদে গ্রুপের লড়াই জিতে ফাইনালে শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন শ্রেয়স। গত বছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে কাপ জিতেছেন। এ বছরও তিনি নতুন দলকে ইতিহাসের সাক্ষী রাখতে মরিয়া। শেষ হাসি হাসবেন কে—সেটা জানা যাবে আজ রাতেই।