প্রীতি একটি দুঃখ বয়ে বেড়াচ্ছেন। আর সেটা হল বাদশা খান, জুহি বা শিল্পা আইপিএল জিতলেও তাঁর জেতা হয়ে ওঠেনি। শাহরুখ খান এবং জুহি চাওলাও একবার বা দু’বার নয় বরং তিনবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ট্রফি জেতার সৌভাগ্য অর্জন করেছেন।

প্রীতি জিন্তা
শেষ আপডেট: 3 June 2025 15:46
আইপিএল ২০২৫: বাইশ গজের দুনিয়ার সঙ্গে বলিউডের একটি দীর্ঘ সম্পর্ক রয়েছে (Indian Cricket and Bollywood)। একসময় মুম্বইয়ে ভারতীয় দলের ম্যাচ থাকলেই স্টেডিয়ামে ভিড় জমাতেন বলিউডের তারকারা (Actors)। এখনও সেই প্রথা রয়ে গিয়েছে। তবে বলিউডের তাবড় তাবড় নায়িকারা (Heroin) অবশ্য স্টেডিয়ামে শুধু দর্শক হিসাবেই থাকেননি। অনেকেই ভালবাসার রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন ক্রিকেটারদের সঙ্গে। সেই সম্পর্ক অবশ্য সবার ক্ষেত্রে ছাদনাতলা পর্যন্ত পৌঁছয়নি। কিন্তু সেই সব সম্পর্ক নিয়ে হয়েছে অনেক মুচমুচে রসাল আলোচনা।
ষাটের দশকের শেষ দিকে মনসুর আলি খান পতৌদি পাগলপাড়া প্রেমে পড়লেন শর্মিলা ঠাকুরের। সেই সম্পর্ক হয়ে উঠেছিল চিরকালীন। এই বঙ্গ সুন্দরীর মন ভেজাতে পতৌদি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের আস্ত প্রেমের কবিতাও মুখস্ত করে ফেলেছিলেন। আজও বলিউডের আনাচে-কানাচে কান পাতলে শোনা যায় তাঁদের প্রেমকাহিনির নানা কথা।
ক্যারিবিয়ান লিজেন্ড স্যার আলেকজান্ডার ভিভিয়ান রিচার্ডসকে দেখলে মনে হত, পাথর খুদে তৈরি করা হয়েছে। চিউয়িংগাম চিবাতে চিবাতে বাইশ গজে উইলো কাঠ দিয়ে বোলার নিধন করতেন তিনি। তাঁর প্রেমে মজলেন বলি তারকা নীনা গুপ্তা। তাঁদের প্রেম গড়াল অনেকদূর। নীনার গর্ভে এল ভিভের সন্তান। নীনাকে মান্যতা না দিলেও, কন্যাকে স্বীকৃতি দিলেন ভিভ।
বলিউড ও ক্রিকেটের এরকমই আরও কত সম্পর্কের কথা বারবার খবরের শিরোনাম হয়েছে। যার সর্বশেষ দৃষ্টান্ত বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
অনেক তো গৌড়চন্দ্রিকা হল। এবার আসা যাক বর্তমান বিষয়বস্তুতে। আইপিএল (IPL) আসার পর থেকেই যেন আরও গভীর হল ক্রিকেট ও বলিউডের সম্পর্ক। আসলে আইপিএল মানেই হল চূড়ান্ত বিনোদন। শহর ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি লিগে টাকার জোর থাকলে দল কেনা যায়। ক্রিকেট আর বিনোদনের এই মিশেল ছাড়বেন কেন বলিউড স্টাররা?
জুহি চাওলাকে (Juhi Chawla) নিয়ে শাহরুখ খান (Shahrukh Khan) কিনে নিলেন কলকাতাকে। নাম দিলেন কলকাতা নাইট রাইডার্স (KKR)। শিল্পা শেঠি (Shilpa Shetty) মালিক হলেন রাজস্থান রয়্যালসের। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমে শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস জিতেছিল। তবে শিল্পা আর রাজস্থান রয়্যালসের মালিক নন। ২০১৫ সালে গড়াপেটায় অভিযুক্ত হয়ে তিনি এই দলে তার অংশীদারিত্ব ছেড়ে দেন।
শুধু জুহি, শাহরুখ ও শিল্পাই নন, আইপিএলের প্রথম সংস্করণ থেকেই পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্তা (Preity Zinta)। প্রথমে দলটির নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এখন হয়েছে পাঞ্জাব কিংস।
প্রীতি একটি দুঃখ বয়ে বেড়াচ্ছেন। আর সেটা হল বাদশা খান, জুহি বা শিল্পা আইপিএল জিতলেও তাঁর জেতা হয়ে ওঠেনি। শাহরুখ খান এবং জুহি চাওলাও একবার বা দু’বার নয় বরং তিনবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ট্রফি জেতার সৌভাগ্য অর্জন করেছেন। তাঁরা ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে আইপিএল খেতাব জিতেছেন। প্রীতি জিন্তার পাঞ্জাব ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।
তবে এবার সুযোগ রয়েছে জারার কাছে। আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (PBKS vs RCB) মধ্যে আইপিএল ২০২৫-এর ফাইনাল (IPL 2025) অনুষ্ঠিত হবে। আজ প্রীতি জিনতার দল জিতলেই এই অভিনেত্রী আইপিএল ট্রফি জয়ী চতুর্থ বলিউড সেলিব্রিটি হয়ে উঠবেন।
ফাইনালের আগে প্রীতি তাঁর দলের খেলোয়াড়দের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেছেন। তিনি খেলোয়াড়দের মনোযোগ দেওয়ার, কোচ রিকি পন্টিংয়ের পরামর্শ অনুসরণ করার এবং একটি দল হিসাবে খেলার আহ্বান জানিয়েছেন তাঁর বার্তায়।
তিনি লিখেছেন, 'পাঞ্জাব কিংসের খেলোয়াড়দের প্রতি আমার বার্তা হল, বাইরের জিনিসের দিকে মনোযোগ দিও না, খেলায় মনোযোগ দাও, রিকির কথা শুনো, দল হিসাবে খেলো এবং মাঠে অনেক মজা কর, এবার আমাদের জন্য ট্রফি জেত।'