ডাঃ গোস্বামীর কটাক্ষ, “পাড়ার গুণ্ডারা যেভাবে অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামায়, আন্দোলনের নামে এই জুনিয়র ডাক্তাররাও সেটাই করেছে।"

পথে ন্যায় বিচার মঞ্চ।
শেষ আপডেট: 22 August 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় কেটেছে এক বছর (RG Kar Movement)। সেই নৃশংস ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ উঠেছিল। কিন্তু এবার সেই আন্দোলনের মধ্যেই দুর্নীতির অভিযোগে পথে নামল 'ন্যায়বিচার মঞ্চ' তথা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা।
মঞ্চের সভাপতি ডাঃ চন্দ্রচূড় গোস্বামীর অভিযোগ, “চিকিৎসক ছাত্রীর মৃত্যু মানবজাতির কাছে লজ্জার। কিন্তু আরও লজ্জার, সেই হত্যাকে হাতিয়ার করে কিছু জুনিয়র ডাক্তার (Junior Doctors) আন্দোলনের নামে কোটি কোটি টাকা তোলার খেল দেখিয়েছেন।”
তাঁর দাবি, জুনিয়র ডক্টরস ফ্রন্ট আন্দোলনের নামে প্রায় চার কোটি টাকা ক্রাউড ফান্ডিং করেছিল। কিন্তু দেড় কোটি টাকার বিল পর্যন্ত নেই। আড়াই কোটি টাকা কোথায় গেল, তারও হদিস মেলেনি। শুধু তাই নয়, শিল্পী অসিত সাই যে অভয়ার মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গড়েছিলেন, তার নামেও নাকি ভুয়ো বিল তৈরি হয়েছে।
ডাঃ গোস্বামীর কটাক্ষ, “পাড়ার গুণ্ডারা যেভাবে অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামায়, আন্দোলনের নামে এই জুনিয়র ডাক্তাররাও সেটাই করেছে। আন্দোলনের নামে সরকারি হাসপাতালে ডিউটি না করে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে গেছে আর সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে গরিব রোগীদের মৃত্যু হয়েছে। আগামী দিনে এঁরাই হয়তো কিডনি পাচার কিংবা ওষুধের জাল চক্রে জড়িয়ে পড়বেন।”
ন্যায়বিচার মঞ্চের সদস্য অনামিকা মণ্ডল ও স্বপন দাস জানিয়েছেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস, আইনমন্ত্রী মলয় ঘটক এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এ ব্যাপারে জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। জবাবে ফ্রন্ট কী বলে, সেটাই দেখার।