ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, অ্যালেক্স যেন চেন্নাইয়ের রাজা! চোখের সামনে সমুদ্র, হাওয়ায় দুলছে ব্যালকনির গাছপালা, পেছনে ফিটনেস জিম আর সুইমিং পুল—সবমিলিয়ে হাইটেক হাইরাইজে একেবারে ‘হ্যান্ডসাম’ জীবন।

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।
শেষ আপডেট: 21 August 2025 20:47
দ্য ওয়াল ব্যুরো: তিন মাস বয়সি একটি বাছুরই (Bull Calf) এখন গোটা সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে (Viral Video)! তার নাম শুনলেই যেন একটা স্টারডমের আভাস মেলে—'মিস্টার অ্যালেক্স'(Mr Alex)!
আর হাবভাব? সিনেমার নায়কের মতোই। চেন্নাইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ২৮ তলায় তার হেলান (28th Floor In Chennai) দিয়ে বঙ্গোপসাগর দেখা এখন নেটদুনিয়ার ‘ভিউ গোল্ড’।
কিন্তু এত উঁচুতে বাছুর? হ্যাঁ, ঠিকই পড়েছেন।
যে বাছুরকে এক মাস বয়সে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল, তাকেই নিজের বাড়িতে তুলে আনেন চেন্নাইয়ের স্থপতি ও ডিজাইনার থেজস্বিনী এস আরঙ্গন। ভালবাসা, স্নেহ আর যত্নে গড়ে তোলেন এক অন্যরকম সংসার। আজ সেই 'মিস্টার অ্যালেক্স' তার বাড়ির ব্যালকনিতে বসে নেপিয়ার ঘাস চিবোচ্ছে, আর তার পাশে বসে থাকা কুকুর বন্ধুরা যেন পারিবারিক শান্তির প্রতীক।
থেজস্বিনী জানিয়েছেন, অ্যালেক্স আদর ভীষণ ভাNবাসে। সে যখন মাথা একটু কাত করে তাকায়, থেজস্বিনীর মনে পড়ে গিয়েছিল দক্ষিণী সিনেমার সেই জনপ্রিয় চরিত্র ‘অ্যালেক্স পাণ্ডিয়ান’-এর কথা। সেখান থেকেই নাম—'মিস্টার অ্যালেক্স'।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, অ্যালেক্স যেন চেন্নাইয়ের রাজা! চোখের সামনে সমুদ্র, হাওয়ায় দুলছে ব্যালকনির গাছপালা, পেছনে ফিটনেস জিম আর সুইমিং পুল—সবমিলিয়ে হাইটেক হাইরাইজে একেবারে ‘হ্যান্ডসাম’ জীবন।
যা নিয়ে শোরগোলনেটদুনিয়া। কেউ লিখেছেন. “মিস্টার অ্যালেক্স তো একেবারেই হ্যান্ডসাম! ওকে এবং আপনাকে কুর্নিশ।”
আর একজন বলেন, “পোষ্যের সংজ্ঞা বদলে দিলেন। গরুও সন্তান হতে পারে, এই শিক্ষা চাই আজকের সমাজে।”
তবে চিন্তাও আছে। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, “বাছুর তো বড় হবে। তখন কি সে ফ্ল্যাটে মানাবে? লিফটে তুলবেন কীভাবে?”
তবে থেজস্বিনী এসব নিয়ে ভাবতে নারাজ। এখন তাঁর কাছে সবচেয়ে জরুরি, অ্যালেক্স যেন ভাল থাকে, আদরে বড় হয়, আর সেই ছোট ছোট মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে সবাইকেও সেই ভালবাসার অংশীদার করে তোলা।
এই গল্প প্রমাণ করে দেয়, যত্ন আর মমতা থাকলে ইট-কংক্রিটের শহরেও গরু বাঁচতে পারে রাজসিক জীবন নিয়ে। মিস্টার অ্যালেক্স এখন শুধু একটা বাছুর নয়, ভালবাসারও নাম।