দক্ষিণবঙ্গে কয়েকদিনের জন্য বৃষ্টি কমবে, বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 6 September 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। একদিন রোদ ঝলমলে দিন তো পরেরদিনই বৃষ্টি। আগামী কয়েকদিন এমন আবহাওয়াই থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই।
মৌসুমি অক্ষরেখা এখন ওড়িশায় রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের বাংলায় ঢুকবে, এর ফলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে, যা আবহাওয়ায় বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের অনেকটা বাড়বে।
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও তাতে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি বেড়ে যাবে। উইকেন্ডে বৃষ্টি কমলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও তীব্র হবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে তাপমাত্রা আজ ও আগামিকাল অর্থাৎ রবিবার স্বাভাবিকের উপরে থাকবে। দু’দিন পর থেকে কিছুটা নামতে পারে পারদ। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে, সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
রবিবার থেকে বুধবারের মধ্যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টি শুরু হলে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা কমবে।