নির্যাতিতার পরিবার জানিয়েছে, তাঁরা দ্রুত সম্ভব মেয়েকে ওড়িশায় নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান। তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 October 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ (Reconstruction) হতে চলেছে মঙ্গলবারই। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। তাদের প্রত্যেকেরই নাম এফআইআর-এ ছিল।
মঙ্গলবার সকালে তদন্তে নেমে ধৃতদের মধ্যে দু’জন - শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনকে নিয়ে পুলিশ পৌঁছয় বিজাড়া গ্রামে তাঁদের বাড়িতে। তদন্তকারীরা সেখান থেকে উদ্ধার করেছেন কিছু পোশাক (Clothes) যা শুক্রবার অর্থাৎ ঘটনার রাতে অভিযুক্তরা পরেছিল। ওই পোশাকগুলি ফরেন্সিক পরীক্ষার (Forensic Exam) জন্য পাঠানো হবে। একই সঙ্গে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ধৃত দু’জনকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যাবে সেই রাতের ঘটনার পুনর্নিমাণের জন্য।
এদিকে নির্যাতিতার পরিবার জানিয়েছে, তাঁরা দ্রুত সম্ভব মেয়েকে ওড়িশায় (Odisha) নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান। তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের সর্বশেষ মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তিনি আগের থেকে ভাল আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
ইতিমধ্যে আবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেছে ওই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবারই শুনানির সম্ভাবনা পুজো অবকাশকালীন বেঞ্চে। কলেজে পরীক্ষা চলছে। বাইরে অনেক মানুষের জমায়েত। সেই প্রেক্ষিতেই কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবারই বিচারপতির সম্পা দত্ত পালের এজলাসে এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ৯টা নাগাদ ওই তরুণী তাঁর এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময়েই তরুণীকে স্থানীয় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
পুলিশের তরফে কড়া বার্তা দিয়ে জানান হয়েছে, সব দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এদিকে দুর্গাপুর কাণ্ড নিয়ে ১১ দফা সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) চিঠি পাঠিয়েছে তারা।