ছত্তীসগড়ের বিজাপুরে নকশাল হামলায় খুন বিজেপি নেতা সত্যম পুনেম। পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলে দায় স্বীকার করল মাওবাদীরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 October 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে নকশাল হামলায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর। সোমবার রাতে বিজাপুর জেলার ইলমিডি থানার অন্তর্গত মুজালকাঙ্কেরে সত্যম পুনেম নামে ওই বিজেপি কর্মীকে পুলিশ ইনফর্মার সন্দেহে নৃশংসভাবে খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক হাতে লেখা প্রচারপত্র। মাওবাদী মাডেড এরিয়া কমিটির তরফে প্রকাশিত ওই লিফলেটে লেখা আছে, সতর্ক করার পরও নাকি পুনেম পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনবার সতর্ক করা সত্ত্বেও তিনি গোপনে পুলিশের কাজে সহযোগিতা করছিলেন, তাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এই বছরই বস্তার অঞ্চলের সাতটি জেলায় নকশাল-সম্পর্কিত বিভিন্ন হামলায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যেই ফের এই হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। গত দু’বছরে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ১১ জন বিজেপি নেতা ও কর্মীকে খুন করেছে নকশালপন্থীরা।
গত বছরও এমনই এক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিজেপির প্রাক্তন মণ্ডল সাধারণ সম্পাদক বীরজু তরাম। মহলা-মানপুর-অম্বাগড় চৌকি জেলার সারখেদা গ্রামে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, অন্তত ৮ থেকে ১০ জন অস্ত্রধারী মাওবাদী ওই আক্রমণে যুক্ত ছিল। স্থানীয় নির্বাচনী বৈঠক সেরে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এর আগেও একাধিক বিজেপি নেতা ও কর্মীকে নিশানা করেছে মাওবাদীরা। জুন মাসে বিজাপুর জেলাতেই খুন হয়েছিলেন স্থানীয় এক বিজেপি নেতা। আবার ফেব্রুয়ারিতে বস্তার অঞ্চলে একের পর এক তিনজন বিজেপি নেতাকে খুন করা হয়, একজন বিজাপুরে এবং দুইজন পার্শ্ববর্তী নারায়ণপুর জেলায়।
স্থানীয় বিজেপি নেতারা অভিযোগ করেছেন, বারবার হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও রাজ্য প্রশাসন বা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। ফলে এখনও নকশাল আতঙ্কে দিন কাটছে বহু রাজনৈতিক কর্মীর।