মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও-কে এফআইআর করে বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম
শেষ আপডেট: 22 January 2026 16:25
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে ভাগাভাগির চেষ্টা চলছে, অভিযোগ তুলেছিলেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম (Manirul Islam TMC)। শুধু তাই নয়, এসআইআর প্রক্রিয়া (SIR News) বন্ধ করার দাবিতে তাঁরই উপস্থিতিতে দলবল নিয়ে বিডিও (BDO) অফিসে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। ফরাক্কার (Farakka) সেই ঘটনার আট দিনের মাথায় এবার মণিরুলের বিরুদ্ধে এফআইআর (FIR on Manirul Islam) দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও-কে এফআইআর করে বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
বিএলও-দের আন্দোলনকে ঘিরেই গোটা ঘটনার সূত্রপাত। তাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার অজুহাতে সাধারণ মানুষকে বারবার নথিপত্র দেখাতে বাধ্য করা হচ্ছে, যার ফলে নাগরিকদের অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে মানসিক চাপের কথা জানিয়ে কয়েক জন বিএলও ইআরও-র কাছে গণ ইস্তফাপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে যান।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একদল বিক্ষোভকারী ‘এসআইআর মানব না’ স্লোগান তুলে বিডিও অফিসে ঢুকে পড়েন। বিধায়কের দাবি, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নথি যাচাইয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার কারণেই তিনি পথে নেমেছেন বলে জানান মনিরুল।
বিধায়কের উপস্থিতিতেই অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়। ফরাক্কার বিডিও বিশ্বজিৎ চক্রবর্তী জানান, গোটা বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। ঊর্ধ্বতন নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে তিনি আর কোনও মন্তব্য করতে পারবেন না বলেও জানান।
এদিকে ঘটনার কড়া নিন্দা করেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতে তৃণমূল নাটক করছে। তিনি বলেন, অধিকাংশ জায়গায় বিডিও-রা তৃণমূলের ইশারাতেই কাজ করেন, আর সেই বিষয় থেকে নজর ঘোরাতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।
এসআইআর সংক্রান্ত শুনানি চলার মধ্যেই ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ফোনে যোগাযোগ করে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের শীর্ষ কর্তাকে। বস্তুত, এই ঘটনায় আট জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার স্বয়ং তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল কমিশন।