এর আগে মণিরুল ইসলামের “একজন যোগ্য মানুষের নামও বাদ গেলে কমিশনের মাজা ভেঙে দেব”—এই মন্তব্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই আবহেই মঙ্গলবার রঘুনাথগঞ্জে আখরুজ্জামানের বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 21 January 2026 12:35
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনার পারদ চড়ছেই। ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলামের (Monirul Islam) পর এবার নির্বাচন কমিশনকে ( Election Commission) নিশানা করলেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান (Akhruzzaman)। তাঁর হুঁশিয়ারি, এসআইআর-এর নামে বৈধ ভোটারদের (Eligible voters) নাম বাদ গেলে জেলায় জনবিস্ফোরণ ঘটতে পারে।
এর আগে মণিরুল ইসলামের “একজন যোগ্য মানুষের নামও বাদ গেলে কমিশনের মাজা ভেঙে দেব”—এই মন্তব্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই আবহেই মঙ্গলবার রঘুনাথগঞ্জে আখরুজ্জামানের বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল। তাঁর দাবি, কমিশনের বর্তমান প্রক্রিয়ায় বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন।
এসআইআর-এর শুনানির নাম করে হয়রানির অভিযোগে জেলার পর জেলা বিক্ষোভ অব্যাহত। ফারাক্কা ও চাকুলিয়ার পর মঙ্গলবার সন্দেশখালিতে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। বাসন্তী-সহ একাধিক এলাকায় শুনানি কেন্দ্রে গোলমালের খবরও মিলেছে। এরই মধ্যে শাসকদলের বিধায়কের এই মন্তব্য ঘিরে এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।
বিরোধীদের অভিযোগ, পরিকল্পিতভাবে গোলমাল পাকিয়ে এসআইআর প্রক্রিয়া বানচাল করতে চাইছে তৃণমূল। তাই একের পর এক বিধায়ক-মন্ত্রী উস্কানিমূলক মন্তব্য করছেন। যদিও নিজের বক্তব্যের সপক্ষে আখরুজ্জামান বলেন, “আমি এটুকুই জানতে চাই, নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, ফাইনাল তালিকা বেরনোর দিন মানুষের ক্ষোভের বিস্ফোরণ হলে তার দায়িত্ব কে নেবে? এখানকার বৈধ ভোটারদের নাম বাদ গেলে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায়ভার কি কমিশন নেবে?”
এর আগে মণিরুলও কমিশনকে কড়া ভাষায় সতর্ক করেছিলেন। তাঁর কথায়, “১৯ তারিখ যদি সব ঠিকঠাক না হয়, চারিদিকে আগুন জ্বলতে দেখবেন। ধুকধুক করে মরার থেকে লড়াই করে মরা সার্থক।”
এসআইআর ঘিরে এই লাগাতার হুঁশিয়ারি ও পাল্টা অভিযোগে রাজনীতির ময়দান ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার এ ব্যাপারে কমিশন কী পদক্ষেপ করে।