একাধিক মিউল অ্যাকাউন্ট ঘুরে টাকা সরানো হওয়ায় মানি ট্রেল ভেঙে যাচ্ছে। ফলে তদন্ত করাও কঠিন হয়ে পড়ছে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 20 January 2026 18:10
দ্য ওয়াল ব্যুরো: সাইবার প্রতারণার (Cyber Fraud) অন্ধকার জগতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (AI technology) আলো। জালিয়াতদের টাকা পাচারের প্রধান হাতিয়ার ‘মিউল অ্যাকাউন্ট’ (Mule Account Hunter) চিহ্নিত করতে এআই প্রযুক্তি ব্যবহার করতে চলেছে রাজ্য পুলিশ।
এই কাজে রিজার্ভ ব্যাংকের তৈরি বিশেষ সফটওয়্যার ‘মিউল অ্যাকাউন্ট হান্টার’-এর সাহায্য নেওয়া হবে। সাধারণ মানুষের গচ্ছিত টাকা যাতে দ্রুত উদ্ধার করা যায় এবং পাচার বন্ধ হয়, সেই লক্ষ্যেই এই নতুন উদ্যোগ।
দেশ জুড়ে সাইবার জালিয়াতির গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতারণার মাধ্যমে হাতানো টাকা ঘোরাতে ব্যবহার করা হচ্ছে মিউল অ্যাকাউন্ট। অন্যের নামে খোলা এই সব ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকে প্রতারণা চক্রের মাথাদের হাতে। বদলে নামমাত্র কমিশন পান প্রকৃত অ্যাকাউন্টধারীরা। তদন্তকারীদের অনুমান, গোটা দেশে কয়েক লক্ষ এমন অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। কোথাও আবার মৃত ব্যক্তির নামেও অ্যাকাউন্ট খোলার প্রমাণ মিলেছে।
একাধিক মিউল অ্যাকাউন্ট ঘুরে টাকা সরানো হওয়ায় মানি ট্রেল ভেঙে যাচ্ছে। ফলে তদন্ত করাও কঠিন হয়ে পড়ছে। রাজ্য পুলিশের তরফে বহুবার অভিযোগ জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে ব্যাংককর্মীরা প্রয়োজনীয় নথি যাচাই না করেই অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন। অ্যাকাউন্ট খোলার টার্গেট পূরণের চাপেই এই ফাঁকফোকর তৈরি হচ্ছে বলে অভিযোগ। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে সাইবার প্রতারণা চক্র।
এই পরিস্থিতিতেই হস্তক্ষেপ করেছে আরবিআই। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘মিউল অ্যাকাউন্ট হান্টার’ নামের এআই প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্টগুলির আচরণ বিশ্লেষণ করা হবে। কোন অ্যাকাউন্টে হঠাৎ করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে, কোথায় অস্বাভাবিক প্যাটার্ন দেখা যাচ্ছে, সবই ধরা পড়বে এই প্রযুক্তির জালে। বিভিন্ন অ্যাকাউন্টের ডেটা তুলনা করে আলাদা করে চিহ্নিত করা হবে গোলমেলে অ্যাকাউন্টগুলি।
ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে এই ব্যবস্থা চালু হয়েছে। ধাপে ধাপে রাজ্য পুলিশের হাতে এই প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে। পুলিশের আশা, এর ফলে তদন্তের গতি অনেকটাই বাড়বে। চিহ্নিত অ্যাকাউন্টগুলি দ্রুত ফ্রিজ করা বা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের কাছে আবেদন জানানো যাবে।
শুধু পুলিশ নয়, আরবিআই দেশের সমস্ত ব্যাংককেও এই এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে। ফলে মিউল অ্যাকাউন্ট শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইবার জালিয়াতির দৌরাত্ম্য ঠেকাতে এআই যে এবার কার্যকর হাতিয়ার হতে চলেছে, তা মানছেন প্রশাসনের কর্তারাও।