এ দিন সকাল দশটা নাগাদ, রোগীদের বিছানার চাদর ধোওয়া ও সাফাই নিয়ে তাঁদের মধ্যে বচসা বাঁধে। তা থেকে হাতাহাতি এবং পরে উত্তম চাকু বার করে কার্তিকের পেটে ও হাতে কোপ মারেন।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 September 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: তিল থেকে তাল! সামান্য বচসা গড়াল রক্তারক্তি ঘটনায়। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের (Raiganj Medical College) পুরনো ভবনে সহকর্মীর ছুরির কোপে রক্তাক্ত হলেন এক এজেন্সি নিযুক্ত কর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মেডিক্যালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে।
গোটা ঘটনাকে কেন্দ্র করে মেডিক্যালের অন্যান্য কর্মী এবং রোগী ও তাদের পরিজনদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্ক।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কর্মীর নাম কার্তিক রজক। অভিযুক্ত সহকর্মী উত্তম দাস— দু’জনেই হাসপাতালের ধোপার কাজ করেন। এ দিন সকাল দশটা নাগাদ, রোগীদের বিছানার চাদর ধোওয়া ও সাফাই নিয়ে তাঁদের মধ্যে বচসা বাঁধে। তা থেকে হাতাহাতি এবং পরে উত্তম চাকু বার করে কার্তিকের পেটে ও হাতে কোপ মারেন।
হাসপাতালের নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে উত্তমকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সরকারি সুপার সোহেল আহমেদ বলেন, “ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ জানিয়েছে, কী কারণে এই বচসা এমন ভয়াবহ রূপ নিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের অন্যান্য কর্মী এবং রোগীদের মধ্যে।