পুরসভা সূত্রে খবর, মেয়র বৈঠকে জানিয়েছেন, জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়ম মেনেই তাঁদের বেতন ও ভাতা নির্ধারিত হয়। অতএব নিয়ম ভেঙে অতিরিক্ত ভাতা দেওয়া সম্ভব নয়।

ফিরহাদ হাকিম।
শেষ আপডেট: 17 September 2025 20:56
দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজো মানেই শহর জুড়ে উৎসব, আর সেই সঙ্গে পুরসভার স্বাস্থ্যকর্মীদের বাড়তি দায়িত্ব। কিন্তু সেই অতিরিক্ত পরিশ্রমের যথোচিত মূল্য না মেলার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) একাংশ স্বাস্থ্যকর্মী (Health workers)।
গত মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম (Mayor, Firhad Hakim) আশ্বাস দিয়েছিলেন, স্বাস্থ্যকর্মীদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে। কিন্তু বুধবার স্পষ্ট জানিয়ে দেন, পুজোর সময় অতিরিক্ত ভাতা বৃদ্ধির যে দাবি তাঁরা করেছেন, তা মানা হবে না।
এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন প্রায় ৪০০ জন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী। তাঁদের অভিযোগ, ২০১৯ সালে নিযুক্ত হওয়ার সময় প্রতিদিন ৫০০ টাকা করে ভাতা পেতেন তাঁরা। কিন্তু ২০২১ সাল থেকে তা কমিয়ে ১০০ টাকা করে দেওয়া হচ্ছে। অথচ কাজের চাপ দিনে দিনে বেড়েই চলেছে।
পুরসভা সূত্রে খবর, মেয়র বৈঠকে জানিয়েছেন, জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়ম মেনেই তাঁদের বেতন ও ভাতা নির্ধারিত হয়। অতএব নিয়ম ভেঙে অতিরিক্ত ভাতা দেওয়া সম্ভব নয়।
তবে তাতে ক্ষোভ প্রশমিত হয়নি। আন্দোলনরত কর্মীরা জানিয়ে দিয়েছেন, পুজোর মধ্যে শহরের জরুরি স্বাস্থ্য পরিষেবা বন্ধ করবেন না ঠিকই, তবে দাবি আদায়ে বিক্ষোভ চলবে পুরোদমে।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে কাজ করা এই স্বাস্থ্যকর্মীদের অনেকেই জানান, "ভাতা একদিকে কমে গিয়েছে, অন্যদিকে কাজ বেড়েছে দ্বিগুণ। অথচ কথা বললে গুরুত্বই দেওয়া হচ্ছে না।"
এখন দেখার, বিক্ষোভ কতদূর গড়ায়।