বাংলা ভাষা নিয়ে আন্দোলন, আর সেই মঞ্চ থেকেই রবীন্দ্র-নজরুল নিয়ে বিস্ময়কর তথ্য দিয়ে বিতর্কে জড়ালেন গোঘাটের তৃণমূল নেতা।

শেষ আপডেট: 28 July 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাংলা ভাষা নিয়ে আন্দোলন, আর সেই মঞ্চ থেকেই রবীন্দ্র-নজরুল নিয়ে বিস্ময়কর তথ্য দিয়ে বিতর্কে জড়ালেন গোঘাটের তৃণমূল নেতা। রবীন্দ্রনাথ নাকি ২০১১ সালে জাতীয় সংগীত রচনা করেছিলেন! কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল ফেলরে লোটাও লিখেছিলেন রবীন্দ্রনাথ। বাংলা ভাষা বাঁচাও আন্দোলনে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নারায়ণ পাঁজার এই বক্তব্য ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়।
গোঘাটে থানাগোড়া বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের সভা ছিল রবিবার। বাংলা ভাষা বাঁচাও আন্দোলনের সভা করতে গিয়ে তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র পাঁজা বলেন, "রবীন্দ্রনাথ ২০১১ সালে আমাদের জাতীয় সংগীত জনগণমন রচনা করেছিলেন, আজকে আমরা সেই গান গাই। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলরে লোটা।"
বিজেপির স্থানীয় নেত্রী দোলন দাস বলেন, "শাসক দলের নেতারা জানেন না বাঙালির কী আবেগ, বাঙালি সংস্কৃতি কবিগুরুর আবেগ। তাঁরা আবার বাংলা ভাষা নিয়ে মঞ্চ বেঁধে জ্ঞান দিচ্ছে। আগে জেনে তারপরে বক্তব্য রাখুন এটা পশ্চিমবঙ্গের লজ্জা।"
সিপিএমের সৃজন ভট্টাচার্য বলেন, "তৃণমূল নেত্রীর কাছে নম্বর পাওয়ার জন্য এই সমস্ত উল্টোপাল্টা বকছে। এতে বাংলার ক্ষতি বাঙালির ক্ষতি। তৃণমূলের হাতে রবীন্দ্রনাথ, জাতীয় সংগীত কোনটাই সুরক্ষিত নয়।"