অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

শুভেন্দু আধিকারী
শেষ আপডেট: 28 August 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: "সব ক্রেডিট সিবিআই (CBI)-এর। আজকে সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছে অযোগ্যদের (Tainted List SSC) তালিকা প্রকাশ করতে হবে। তার মানে তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে বাকিরা যোগ্য।" এসএসসি মামলায় (SSC 26000 Job Cancel) শীর্ষ আদালতের রায় শুনে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "সরকার এখন যাবে কোথায়? আর তো কোনও রাস্তা নেই। ২ তারিখে অযোগ্য তালিকা দিতেই হবে। যার থেকে প্রমাণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অযোগ্যদের চাকরি দেয়। একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি-র মারফত আপনারা চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা সামনে আসার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পদত্যাগের দাবিও আমরা করব।"
ঘটনা হল, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ বলেছে, এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে। প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে।
দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। তার পরেও কেন তালিকা প্রকাশ করা হয়নি।
বিস্তর সওয়াল জবাবের পর এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সাত দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে সাত দিন সময় দেওয়া হল তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না-হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ শুনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্য, প্রথম কথা কখনও সরকার এসএসসি-কে কাজে লাগিয়ে অযোগ্যদের চাকরি দিতে পারে না। দ্বিতীয়ত, অযোগ্যদের তালিকা বেরোলেই যোগ্যদের চিহ্নিত করা যাবে। সেই যোগ্যদের তালিকা নিয়ে নিশ্চিতভাবে আবার আদালতে যাওয়া যাবে, প্রশ্ন তোলা যাবে কেন তাঁরা আবার পরীক্ষা দেবেন। এবং তৃতীয়ত, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁরা যাঁরা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন ও কঠোর শাস্তির ব্যবস্থা করুন।
শুধু তাই নয়, বিজেপি নেতা আরও বলেন, সরকার যদি সর্বদলীয় বৈঠক ডেকে ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়, তাহলে সকলেই যোগ্যদের জন্য তাকে সমর্থন জানাবে।