ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে জগদ্দলের পলতা পাড়ায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

শেষ আপডেট: 4 October 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ক্লাব দখলকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত জগদ্দল। এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারারও অভিযোগ উঠেছে। বাবাকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা ওই মহিলার উপরে চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে জগদ্দলের পলতা পাড়ায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, পলতা পাড়ায় ‘মিতালি সঙ্ঘ’ ক্লাবের দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল। শুক্রবার রাতে তাই নিয়ে তেতে ওঠে এলাকা। বচসা শুরু হয় দু-দলের সদস্যদের। তারপরেই শুরু হয় মারপিট। তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ, মোসারফ হোসেন নামে এক প্রৌঢ়কে বেপরোয়া মারধর করছিল দুষ্কৃতীরা। বাঁচাতে গেলে মোসারফের অন্তঃসত্ত্বা মেয়ের উপর চড়াও হয় তারা। পেটে লাথি মারায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মোসারফ হোসেন বলেন, “আমায় ফোন করে ক্লাবে ডেকেছিল ওরা। ক্লাবে ঢুকতেই মারধর শুরু করে। কী কারণে মারল বুঝতেই পারছি না। আমাকে বাঁচাতে গিয়ে আমার মেয়েও আক্রান্ত হয়েছে।"
এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট প্রিয়াংশু পান্ডে বলেন, “মিতালি ক্লাব কার দখলে থাকবে তাই নিয়ে তৃণমূল-তৃণমূল লড়াই করছে। আর তার থেকে রেহাই পাচ্ছেন না অন্তঃসত্ত্বা মহিলাও।” তবে কাউগাছি-২ পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলি বলেন, "দুটো পরিবারের মধ্যে ঝামেলা। যদি কোনও অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে থাকে তাহলে আমরা পরিবারের পাশে আছি। যাতে সমস্যার সমাধান করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয় একটি দোকান ও ক্লাবের মধ্যে ঝামেলা।" বাসুদদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা লাগাতার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। এই ঘটনা যথেষ্ট আতঙ্কিত তাঁরা।