সংগঠনের বক্তব্য, বাংলার ঐতিহ্য বহুদিন ধরেই মিলনমেলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, সেটাকেই নষ্ট করার চেষ্টা হচ্ছে।

সামাজিক সংগঠন দেশবাঁচাও গণমঞ্চ
শেষ আপডেট: 18 August 2025 00:01
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক মেরুকরণ ও হিন্দু-মুসলমান বিভেদের রাজনীতি বাড়ছে - এমনটাই অভিযোগ তুলেছে সামাজিক সংগঠন দেশবাঁচাও গণমঞ্চ। সংগঠনের তরফে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজেপি ও আরএসএস সচেতনভাবে বাংলার মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে রাজ্যে অশান্তি ছড়াতে চাইছে।
গণমঞ্চের অভিযোগ, বিজেপি-আরএসএসের একাংশ নেতা রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থানে উসকানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। তাঁরা রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন। সংগঠনের বক্তব্য, বাংলার ঐতিহ্য বহুদিন ধরেই মিলনমেলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, সেটাকেই নষ্ট করার চেষ্টা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সাল থেকে বিজেপি পরিকল্পিতভাবে বাংলায় মেরুকরণের রাজনীতি চালাচ্ছে। নানা ঘটনাকে কাজে লাগিয়ে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। সংগঠনের দাবি, এভাবে বাংলার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে ভোটে সুবিধা নেওয়াই উদ্দেশ্য।
দেশবাঁচাও গণমঞ্চের মতে, বিজেপি-আরএসএস শুধু রাজনৈতিক ক্ষমতা দখলের জন্যই নয়, বাংলার মানুষের ঐক্যও ভাঙতে চাইছে। তারা জানায়, হিন্দু-মুসলমান একে অপরের পাশে দাঁড়িয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাংলায় বসবাস করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একশ্রেণির উগ্রপন্থী নেতা-কার্যকর্তা বিভেদমূলক বক্তব্য দিয়ে শান্তি নষ্ট করছেন।
গণমঞ্চের আহ্বান, বাংলার মানুষ যেন এই ধরনের বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে ঐক্য বজায় রাখেন। তারা হুঁশিয়ারি দিয়েছে, এভাবে সাম্প্রদায়িক মেরুকরণ বাড়তে থাকলে শুধু সমাজ নয়, গণতান্ত্রিক পরিবেশও বিপন্ন হবে। সংগঠনের দাবি, বাংলার প্রতিটি ধর্মের মানুষ -হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান - সকলেই মিলেমিশে রাজ্যের সংস্কৃতি গড়ে তুলেছেন। আর সেই সংস্কৃতিই বাংলার সবচেয়ে বড় শক্তি।