দুর্গাপুজো হোক বা জন্মদিনের কেক, এবার শহরে বসেই নির্দিষ্ট সময়ে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে খাবার। ভারতীয় ডাকবিভাগ চালু করতে চলেছে একেবারে নতুন পরিষেবা—‘মাইক্রো ডেলিভারি’।

শেষ আপডেট: 27 August 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো হোক বা জন্মদিনের কেক, এবার শহরে বসেই নির্দিষ্ট সময়ে প্রিয়জনের কাছে পৌঁছে যাবে খাবার। ভারতীয় ডাকবিভাগ চালু করতে চলেছে একেবারে নতুন পরিষেবা—‘মাইক্রো ডেলিভারি’।
জলপাইগুড়িতে উত্তরবঙ্গ ও সিকিমের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় জানান, শহর ও শহরতলিতে বুকিংয়ের কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল। তিনি বলেন, “শুধু পার্সেল বুকিং নয়, নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়ার দায়িত্বও ডাকবিভাগই নেবে। প্রসাদ বা মিষ্টি যাতে নষ্ট না হয় সেজন্যই এই উদ্যোগ।”
পরিকল্পনা অনুযায়ী, দুপুর বারোটার মধ্যে পার্সেল বুক করা হলে বিকেলের মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। শুধু তাই নয়, গ্রাহক চাইলে পোস্টঅফিসের কর্মীরা বাড়ি থেকে গিয়ে পার্সেল সংগ্রহও করতে পারবেন।
এই নতুন পরিষেবার জন্য বিশেষ টিম তৈরি হবে এবং পরিকাঠামো শক্তিশালী করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও পরিষেবা শুরুর নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি।
তবে এদিনই পোস্টমাস্টার জেনারেল জানিয়ে দেন, যেসব সাব-পোস্টঅফিস সঠিকভাবে কাজ করতে পারছে না, সেগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গেই ইতিমধ্যে একাধিক উপ-ডাকঘর বন্ধ হয়ে গিয়েছে।