অভিযোগের তির কৃষ্ণপদের প্রথম পক্ষের ছেলে বাবুল মিস্ত্রির দিকে। জানা গিয়েছে, আগুন লাগাতে গিয়েই বাবুল নিজেও দগ্ধ হন। তাঁকে আটক করেছে পুলিশ, ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঘরের ভিতর কৃষ্ণপদ ও তাঁর পরিবার ঘুমিয়ে ছিলেন। সেই সময় বাইরে থেকে তালা মেরে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বাবুল। ঘর থেকে কেউ বেরোতে না পেরে আগুনে পুড়ে যান সকলে। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর যায় পুলিশে। পুলিশ ও স্থানীয়রা মিলে উদ্ধার করেন দগ্ধ পরিবারটিকে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল বাবুলের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের। সেই দ্বন্দ্বের জেরেই এমন নৃশংস হামলা বলে সন্দেহ।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুন বলেন, “প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। তদন্তের পর স্পষ্ট হবে কে দায়ী।” পুলিশ জানিয়েছে, বাবুলকে জেরা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে।




