পুলিশি তদন্তে আস্থা রাখতে পারছেন না ভোলানাথ ঘোষের পরিবার। তাঁদের বক্তব্য, রাজ্য পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য ধামাচাপা পড়ে যেতে পারে। সিবিআই তদন্ত চাইছেন তাঁরা।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 11 December 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি মামলায় (Sandeshkhali Case) আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বুধবার সকালে ন্যাজাটের বয়ারমারির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁর ছোট ছেলে ও গাড়িচালক। গুরুতর জখম ভোলানাথ। এই ঘটনায় জেলবন্দি শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ভূমিকা নিয়েই সরাসরি আঙুল তুলেছে তাঁর পরিবার। অভিযোগ, জেলে বসেই ভোলাকে খুনের ছক কষেছিল শাহজাহান।
সূত্রের খবর, পুলিশের প্রাথমিক তদন্ত রিপেোর্টও খুনের তত্ত্বকেই মান্যতা দিয়েছে। যে লরিটি ভোলানাথের গাড়িকে ধাক্কা মেরেছিল, সেই গাড়িটির এদিন পরীক্ষা করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পাঁচ সদস্যের ওই বিশেষজ্ঞ দলের রিপোর্ট অনুযায়ী, লরিটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। যা ষড়যন্ত্রের তত্ত্বকেই জোরাল করছে বলে মনে করা হচ্ছে।
বুধবার দুর্ঘটনার পর ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের সোজাসাপ্টা অভিযোগ করেছিলেন, “লরি একবার নয়, তিন বার ধাক্কা মেরে গাড়িটাকে পুকুরে ফেলে দিতে চাইছিল। তারপর চালক বাইকে চেপে পালিয়ে যায়। সবটাই সাজানো। এটা শাহজাহানেরই কাজ। বাবাকে মারতেই এই ছক। জেল থেকেই সব চালাচ্ছে ও।”
দুর্ঘটনাস্থলের অদূরেই রয়েছে পেট্রোল পাম্প। সেখানকার সিসিটিভি যাচাই করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
যদিও পুলিশি তদন্তে আস্থা রাখতে পারছেন না ভোলানাথ ঘোষের পরিবার। তাঁদের বক্তব্য, রাজ্য পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য ধামাচাপা পড়ে যেতে পারে। সিবিআই তদন্ত চাইছেন তাঁরা। এ ব্যাপারে পরিবারের তরফে আদালতের দ্বারস্থ হওয়া নিয়েও আলোচনা চলছে। যদিও হাসপাতালে চিকিৎসাধীন ভোলানাথ এদিনও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিবিআই নয়, রাজ্য পুলিশের তদন্তেই তাঁর আস্থা রয়েছে। এখন দেখার পুলিশি তদন্তে কী উঠে আসে।