অভিযুক্ত যুবককে ধরে প্রকাশ্যে মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে উল্টে তাঁরাই আক্রান্ত হন।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 August 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: ফের গ্রামীণ সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা। ফের রাজ্যে আক্রান্ত হতে হল পুলিশকে (West Bengal Police)।
মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরে এক তরুণীর ইভটিজিংয়ের (Eveteasing) অভিযোগ ঘিরে বসেছিল সালিশি সভা। সেখানেই অভিযুক্ত যুবককে (Accused Person) ধরে প্রকাশ্যে মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে উল্টে তাঁরাই আক্রান্ত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামে অভিযুক্ত যুবককে ধরে মারধর করা হয়েছিল। খবর পেয়ে থানার অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা ওই যুবককে উদ্ধার করার চেষ্টা করতেই ক্ষোভের মুখে পড়তে হয়। হঠাৎ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। হামলায় ২ জন অফিসার-সহ অন্তত ৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন।
ঘটনার পরই বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ৫ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গ্রামের এক তৃণমূল নেতার নির্দেশে এই সালিশি বসেছিল। তাঁদের দাবি, প্রশাসনের বদলে দলীয় নির্দেশেই গ্রামে সালিশি হয়, আর তার জেরেই এমন অশান্তি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
হামলার ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত পুলিশকর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা রুজু হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, আইনের বাইরে গিয়ে সালিশি সভা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। পরিস্থিতির দিকে নজরে রাখা হচ্ছে।