খড়দহ থানার পি কে বিশ্বাস রোড এলাকা থেকে বিপুল পরিমাণ চিনা মাঞ্জা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে টিটাগর থানার তালপুকুরের বাসিন্দা শশীকান্ত সাউয়ের বাড়িতে হানা দিয়ে ৩৩ টি চিনা মাঞ্জা রোল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় শশীকান্তকে।

শেষ আপডেট: 18 September 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাইকে করে এয়ারপোর্টে কর্মস্থলে যাওয়ার সময় বুধবার খড়দহে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হয় প্রাক্তন সেনা জওয়ান গৌতম ঘোষের। সেই ঘটনার পর সক্রিয় হয়ে ১১ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।
পুলিশ সূত্রের খবর, অনুযায়ী খড়দহ থানার পি কে বিশ্বাস রোড এলাকা থেকে বিপুল পরিমাণ চিনা মাঞ্জা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে টিটাগর থানার তালপুকুরের বাসিন্দা শশীকান্ত সাউয়ের বাড়িতে হানা দিয়ে ৩৩ টি চিনা মাঞ্জা রোল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় শশীকান্তকে।
ধরপাকড় চলে নিউ ব্যারাকপুরেও। নিউ ব্যারাকপুর রেলওয়ে সাইডিং এ হানা দিয়ে বিপুল পরিমাণ চিনা মাঞ্জা সহ ৪ জন কে গ্রেফতার করে পুলিশ। মোহনপুর থানার পুলিশও এদিন গোপন সূত্রে খবর পেয়ে জিৎ জাভেদ নামে এক ব্যক্তিকে চিনা মাঞ্জা ও লাটাই-সহ গ্রেফতার করে। নিষিদ্ধ চিনা মাঞ্জার বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।
বিশ্বকর্মা পুজো দিন এয়ারপোর্টে নিজের কর্মস্থলে কাজে যাওয়ার সময় ঘুড়ির সুতোর বেআইনি চিনা মাঞ্জাতে গলা কেটে মৃত্যু হয় গৌতম ঘোষ নামে ওই প্রাক্তন সেনা জওয়ানের। ব্যারাকপুরের বাড়ি থেকে বেরিয়ে বাইকে করে এয়ারপোর্ট যাচ্ছিলেন তিনি। খড়দহের কাছে কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসের উপর এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় চিনা মাঞ্জা লেগে উনি বাইক থেকে ছিটকে পড়ে যান। বেশ কিছুক্ষণ সেখানেই পরে থাকার পর স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু ঘটে।
এই ঘটনার পর সক্রিয় হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত থানাগুলি। চিনা মাঞ্জা বাজেয়াপ্ত করার জন্য বিশ্বকর্মা পুজো রাতে বিভিন্ন জায়গায় হানা দেয় এবং বেশ কয়েকজনকে চিনা মাঞ্জা সহ গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হচ্ছে।