কলকাতায় দুর্গাপুজোয় এক বিশেষ স্মার্ট কার্ডে আনলিমিটেড মেট্রো যাত্রার সুবিধা। এই একটি কার্ডেই দেখে নিতে পারবেন শহরের সব পুজো প্যান্ডেল।
.jpeg.webp)
ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 19 September 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোয় ঠাকুর দেখার সুবিধার জন্য নতুন স্মার্ট কার্ড চালু করল কলকাতা মেট্রো। এবার থেকে ৩ দিন ও ৫ দিনের জন্য বিশেষ স্মার্ট কার্ড পাওয়া যাবে। তিন দিনের কার্ডের দাম রাখা হয়েছে ২৫০ টাকা এবং পাঁচ দিনের কার্ডের দাম ৫৫০ টাকা। এই কার্ড ব্যবহার করে যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আনলিমিটেড মেট্রো ভ্রমণ করতে পারবেন।
মেট্রো সূত্রে খবর, গত বছর পুজোর সময় প্রায় ৯ লক্ষ যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করেছিলেন। তবে চলতি বছর একাধিক নতুন রুট চালু হওয়ায় এবং পরিষেবা বৃদ্ধির কারণে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। অনুমান করা হচ্ছে, এবারের সংখ্যা ১২ লক্ষের গণ্ডি ছাড়িয়ে যাবে।
সম্প্রতি চালু হওয়া একাধিক নতুন মেট্রো রুটের মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে হাওড়া-ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে। এই পরিষেবা শুরু হওয়ার পর থেকেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আয়ও বেড়েছে যথেষ্ট। তবে দুর্গাপুজোয় যাত্রী সংখ্যা আরও রেকর্ড ছাপাবে বলেই মনে করা হচ্ছে।
পুজোর দিনগুলোতে যাত্রীদের চাহিদা মেটাতে সাধারণ দিনের থেকে আলাদা করে রাতভর মেট্রো চালানো হয়। ফলে স্বাভাবিকভাবেই পুজোর সময়ে ভিড় আরও বাড়বে বলেই ধারণা।
ভিড়ের পরিসংখ্যান
স্মার্ট কার্ড কেন জরুরি?
এই ভিড়ের মধ্যে যাতে কাউন্টারে দাঁড়িয়ে যাত্রীদের সমস্যায় পড়তে না হয়, তাই বিশেষ এই স্মার্ট কার্ড চালু করা হয়েছে। স্বল্প খরচে আনলিমিটেড ভ্রমণের সুযোগ থাকায় পুজোর দিনে এটি নিত্যযাত্রী ও ঠাকুর দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধাজনক হবে।