ফের গ্রিন লাইনে মেট্রো বিভ্রাট। টানা ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা।

ফাইল ছবি
শেষ আপডেট: 18 September 2025 11:17
দ্য ওয়াল ব্যুরো: একে বিশ্বকর্মা পুজোর পরদিন বলে রাস্তাঘাটে অটো-বাস কম। তারওপর সাত সকালে ফের গ্রিন লাইনে মেট্রো বিভ্রাট। চরম দুর্ভোগে যাত্রীরা।
বৃহস্পতিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। চলছে শুধুমাত্র শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। এতে ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা। তাঁদের বক্তব্য পরিষেবা এমন হলে রোজই দুর্ভোগের মুখে পড়তে হবে। অনেকে বলছেন, ঠিকঠাক ব্যবস্থা না করে রুট চালানোর কী প্রয়োজন ছিল!
এদিনও বিদ্যুৎ বিভ্রাটের জেরেই এই বিপত্তি হয়েছে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। দ্রুত কাজ করা হচ্ছে কিন্তু কখন পরিষেবা স্বাভাবিক হবে তা জানা যায়নি।
গত ২৪ ঘণ্টার মধ্যে এনিয়ে দ্বিতীয়বার এমন পরিস্থিতি হওয়ায় গ্রিন লাইনের ওপর যাত্রীদের আস্থা কমছে।
গতকাল অর্থাৎ বুধবার সকালেই এমন সমস্যার মুখে পড়তে হয়েছিল সকলকে। ১১টার কিছু পরে যান্ত্রিক ত্রুটি নজরে আসে। মেট্রো কর্তৃপক্ষ বন্ধ করে দেয় পরিষেবা। যাত্রীদের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়।
ব্যাখ্যা যতই যৌক্তিক হোক, দুর্ভোগের জেরে বিরক্ত সকলেই।