গত ২৫ জুন কসবা আইন কলেজ চত্বরে আইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে।

কসবা কাণ্ডে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র।
শেষ আপডেট: 3 July 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: কসবা আইনি কলেজে (Kasba Case) ছাত্রী ধর্ষণের ঘটনায় ধৃতদের ছবি প্রকাশে (Pictures of Accused) আর কোনও বাধা রইল না। তবে ছবিতে অভিযুক্তদের পাশে থাকা নিরীহ ছাত্রছাত্রীদের চেহারা যেন না দেখানো হয়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট মাধ্যমগুলিকে। স্পষ্ট নির্দেশ কলকাতা হাই কোর্টের।
এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালতের নির্দেশ— ‘অভিযুক্তদের ছবি দেখানো যাবে, তবে সাধারণ ছাত্রদের মুখ ব্লার না করলে পদক্ষেপ করা হবে।’
গত ২৫ জুন কসবা আইন কলেজ চত্বরে আইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। অভিযোগ, কলেজের মূল ফটক আটকে, সিকিউরিটি গার্ডের ঘরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে হকি স্টিকে মারধর করা হয়। পরে দফায় দফায় ধর্ষণ করা হয়।
২৬ জুন কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। ২৭ জুন গ্রেফতার করা হয় মনোজিৎ মিশ্র (৩১), জ়াইব আহমেদ (১৯), ও প্রমিত মুখোপাধ্যায় (২০)-কে। মনোজিৎ ওই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে সেখানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে যুক্ত ছিলেন।
নির্যাতিতার অভিযোগ, ঘটনার সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পিনাকী বন্দ্যোপাধ্যায় সব কিছু দেখেও কোনও পদক্ষেপ করেননি। পরে তাকেও গ্রেফতার করে পুলিশ।
রাজ্যজুড়ে এই ঘটনায় ছাত্র রাজনীতি, কলেজ প্রশাসন এবং ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এর মধ্যেই হাইকোর্ট জানিয়ে দিল, কসবা আইনি কলেজে (Kasba Case) ছাত্রী ধর্ষণের ঘটনায় ধৃতদের ছবি প্রকাশ করা যাবে।