রেলের টিকিট পরীক্ষক হঠাৎই এক যাত্রীকে সন্দেহের তালিকায় ফেললেন। মহাশয় আসনের পাশে চুপচাপ বসে ছিলেন, যেন কারও চোখে পড়ে গেলেই বিপদ।

বিনা টিকিটে এসি লোকালে উঠে নজির
শেষ আপডেট: 12 August 2025 07:41
দ্য ওয়াল ব্যুরো: রোববার রানাঘাট-শিয়ালদহের (Sealdah) নতুন এসি লোকালের (AC Local) জমকালো উদ্বোধনের পর সোমবার সকালেই তা যাত্রী নিয়ে ছোটে। সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট স্টেশন (Ranaghat) থেকে ঠিক সময়ে ছাড়ে পূর্ব ভারতের (East India) এই প্রথম এসি লোকাল ট্রেন। যাত্রীরা টিকিট কেটে, সেলফি তুলে, খুশি মুখে চড়ে বসলেন ঝকঝকে কামরায়। কিন্তু সেই আনন্দযাত্রার মধ্যেই ঢুকে পড়ল নাটক।
রেলের টিকিট পরীক্ষক হঠাৎই এক যাত্রীকে সন্দেহের তালিকায় ফেললেন। মহাশয় আসনের পাশে চুপচাপ বসে ছিলেন, যেন কারও চোখে পড়ে গেলেই বিপদ। টিকিট চাইতেই তিনি অন্য কামরায় সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ‘মিশন ইম্পসিবল’ বেশিদূর এগোতে পারল না। ধরা পড়তেই ফাঁস হল আসল ঘটনা— টিকিট তো কাটা হয়ইনি! শেষমেশ ২৮৫ টাকার জরিমানা গুনে তবেই ‘এসি অভিজ্ঞতা’ উপভোগ করতে হল তাঁকে। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।
রেলের তরফে জানানো হয়েছে, প্রতিটি কামরায় থাকবেন টিকিট পরীক্ষক ও রেল পুলিশ, নজরদারিও বাড়ানো হবে। কারণ প্রথম দিনেই ধরা পড়া ‘বিনা টিকিট বাহাদুর’ স্পষ্ট করে দিলেন, এই ট্রেনেও আছে বিনা টিকিট যাত্রীর সাহসী অভিযান!
রেলের হিসাবে, প্রথম দিন মোট ২৫০৩ জন যাত্রী এই ট্রেনে চড়েছেন। যাত্রীপিছু ভাড়া ১২০ টাকা। ট্রেনটিতে আছে সামনে-পিছনে মহিলাদের জন্য আলাদা কামরা, প্রতিটি কোচে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম, এবং তিনজনের স্টেইনলেস স্টিলের আসনসহ মোট ১১২৬টি আসন। মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার সুবিধাও থাকছে।