এই ট্রেনের বিশেষ সুবিধা হল, যাত্রীরা মান্থলির পাশাপাশি উইকলি টিকিট কাটার সুবিধাও পাবেন। অন্যান্য ট্রেনের মতো এক্ষেত্রেও অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 8 August 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব রেলের ইতিহাসে নতুন অধ্যায়। এই প্রথম শিয়ালদহ-রানাঘাট শাখায় (Sealdah-Ranaghat Route) চালু হচ্ছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন (First AC Local Train)। উদ্বোধন আগামী ১০ অগস্ট, আর যাত্রী পরিষেবা শুরু ১১ অগস্ট থেকে (August 11)।
ট্রেনের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা, সর্বোচ্চ ভাড়া মাত্র ১২০ টাকা। পুরো রুটে কিছু নির্দিষ্ট স্টেশন ছাড়া নন-স্টপ পরিষেবা দেবে এই বিশেষ ট্রেন।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই বিশেষ এসি ট্রেনটি প্রতিদিন দু’বার চলবে: সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহে। একইভাবে সন্ধ্যা ৬:৫০-এ শিয়ালদহ থেকে ছেড়ে ৮:৩২-এ পৌঁছবে রানাঘাটে।
ট্রেনটিতে থাকছে ১২টি এসি কোচ, যাতে একসঙ্গে প্রায় ১,২০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে, ট্রেনটি সম্পূর্ণ বাতানুকূল এবং থাকবে উন্নত সিটিং ব্যবস্থা ও আধুনিক ডিজিটাল ডিসপ্লে। পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা ও পরিষেবার মান যাচাই করে ভবিষ্যতে এর সংখ্যা ও রুট আরও বাড়ানো হতে পারে।
এই ট্রেনের বিশেষ সুবিধা হল, যাত্রীরা মান্থলির পাশাপাশি উইকলি টিকিট কাটার সুবিধাও পাবেন। অন্যান্য ট্রেনের মতো এক্ষেত্রেও অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে।
রেলের ডিভিশনাল পার্সোনাল ম্যানেজার দিব্যলোক্য চক্রবর্তী জানান, আপাতত ট্রেননি বিধাননগর, দমদম, সোদপুর, ব্যারাকপুর, খড়দহ এবং কল্যাণীতে দাঁড়াবে।
রেল আধিকারিকের দাবি, রানাঘাট থেকে প্রাইভেট গাড়িতে কলকাতা আসতে প্রায় দু'হাজার টাকা লাগে, সেখানে মাত্র ১২০টাকায় যাত্রীরা আসতে পারবেন। সেক্ষেত্রে শুরু থেকেই এই এসি লোকাল ট্রেনে উপচে পড়া ভিড় থাকবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।