১২ বগির এই ট্রেনটিতে মেট্টোর মতোই থাকবে স্বয়ংক্রিয় দরজা। দরজা খোলা বা বন্ধ করার নিয়ন্ত্রণ থাকবে চালক কিংবা গার্ডের হাতে।

এই সেই এসি কোচ।
শেষ আপডেট: 19 June 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: রেলযাত্রীদের (Rail passengers) জন্য সুখবর! মুম্বই, চেন্নাইয়ের মতো এবার কলকাতাতেও ছুটবে এসি লোকাল ট্রেন (AC local from Sealdah)!
সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই শিয়ালদহ (Sealdah Division) থেকে ছুটবে এই এসি লোকাল। শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর, পরীক্ষামূলকভাবে শিয়ালদহ-রানাঘাট রুটে চলবে এই এসি ট্রেন। যাত্রীদের সাড়া মিললে আগামীদিনে অন্যান্য রুটেও এই শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালানো হবে বলে রেল সূত্রের খবর।
ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক এই এসি রেক। ১২ বগির এই ট্রেনটিতে মেট্টোর মতোই থাকবে স্বয়ংক্রিয় দরজা। দরজা খোলা বা বন্ধ করার নিয়ন্ত্রণ থাকবে চালক কিংবা গার্ডের হাতে। জানা যাচ্ছে, প্রতিটি কোচে চারটি করে স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর থাকবে। ১২ কোচের এই অত্যাধুনিক ট্রেনে ১,১০০ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে। ঘণ্টায় ১১০ কিমি বেগে ছুটতে সক্ষণ এই ট্রেন। তারওপর শীততাপ নিয়ন্ত্রিত হওয়ায় এই ট্রেনের যাত্রা একদিকে যেমন আরামদায়ক তেমনই খুব দ্রুত এই ট্রেনের সাহায্যে গন্তব্যে পৌঁছানো যাবে।
এছাড়াও এই ট্রেনে যাত্রীদের মাল রাখার জন্য থাকবে অতিরিক্ত রেক। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কামরার সর্বত্র সিসিটিভির নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে। জিপিএসের মাধ্যমে ভেসে উঠবে ইলেকট্রনিক ইন্ডিকেশন বোর্ড।
ভাড়া কত হবে? শিয়ালদহ ডিভিশনের তরফে এখনও নির্দিষ্ট করে ভাড়ার কথা উল্লেখ করা হয়নি। তবে রেল সূত্রের খবর, নয়া এই এসি কোচের সর্বনিম্ন ভাড়া হতে পারে ৩৫ টাকা, সর্বোচ্চ ভাড়া হতে পারে ১২০ টাকা। মান্থলি টিকিটের ভাড়া হতে পারে যথাক্রমে ৫৯০ টাকা এবং ৭৮০ টাকা।